
রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা, আগুন দেওয়া, ভাঙচুর, লুটপাট, কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে ভিপি নুরকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২১ জুলাই নুরুল হক নুরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে কোটা আন্দোলনের সমর্থন দিয়ে ভিপি নুর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসের উসকানি দিয়েছেন। তাঁর ইন্ধনে বনানীর সেতু ভবনে হামলা হয় বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৮ জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সেতু ভবনের সামনে এসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেতু ভবনের সিনিয়র সচিবসহ কর্মকর্তাদের পদপদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে হুমকি প্রদর্শন ও ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক ভীতি সৃষ্টি করে সেতু ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে আসামিরা সেতু ভবনের অফিসের মূল ফটক ভেঙে অনধিকার প্রবেশ করে সেতু ভবনের নিচতলায় ভবনের সামনে রক্ষিত জিপ, কার, বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল, নিরাপত্তা ভবন, সিসি ক্যামেরা, পার্কিং শেড, ক্যানটিন, গাড়িচালকদের কক্ষ, আনসার শেড, মুজিব কর্নার, জেনারেটরস কক্ষসহ মূল ভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটায়। এ সময় সেতু ভবনের সিনিয়র সচিব ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাসহ ভেতরে থাকা অফিস স্টাফ ও নিরাপত্তাকর্মী আসামিদের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সরে যেতে অনুরোধ করলে আসামিরা তাঁদের মারধর করে ও গুরুতর জখম করে।
মামলার এজাহার থেকে জানা যায়, পরবর্তী সময় আসামিরা নিচতলার আনসার শেড, ড্রাইভার শেড থেকে চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র এবং সেতু ভবনের ভেতরে প্রবেশ করে নিচতলা থেকে ১১ তলা পর্যন্ত অফিসে ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে অফিসে রক্ষিত কম্পিউটার, ল্যাপটপ, ফাইল কেবিনেট, এসি, ফ্যান, পানির ফিল্টার, চেয়ার, টেবিল, আসবাবপত্রসহ অন্যান্য সরকারি ও ব্যক্তিগত মালামাল সামগ্রী চুরি করে এবং প্রত্যেক ফ্লোরে অগ্নিসংযোগ ঘটায়। আসামিদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে সেতু ভবনের নিচতলা হতে ১২ তলা পর্যন্ত ফ্লোরে রক্ষিত পদ্মা সেতু প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহু লেন সড়ক টানেল-প্রকল্প, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সেতু বিভাগের আওতাধীন সব প্রকল্পের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ দলিলাদি, এফডিআর ইনস্ট্রুমেন্ট, টেন্ডার সিকিউরিটি ডকুমেন্টস, ইন্টারনেট সার্ভার, শতাধিক কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী, আসবাবপত্র, কম্পিউটার, জেনারেটর, ফায়ার এক্সটিংগুইশারসহ যাবতীয় নথিপত্র এবং সেতু ভবনের পার্কিংয়ে থাকা ৩২টি জিপগাড়ি, ৯টি পিকআপ, সাতটি মাইক্রোবাস, একটি মিনিবাস, পাঁচটি মোটরসাইকেল, একটি অ্যাম্বুলেন্সে আগুন দিলে ভস্মীভূত হয় আনুমানিক ৩০০ কোটি টাকার মালামাল। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মারফত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটকে সংবাদ প্রদান করা হয়।
এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৩ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৫ মিনিট আগে