Ajker Patrika

হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি, ৮২ আরোহী নিয়ে শাহজালালে বিমানের জরুরি অবতরণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি, ৮২ আরোহী নিয়ে শাহজালালে বিমানের জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজের ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা হয়। এ অবস্থায় জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত বিকল্প পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

আজ শনিবার কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে ৭৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্যসহ মোট ৮২ জন আরোহী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ড্যাশ-৮ উড়োজাহাজটি বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ঢাকায় অবতরণের নির্ধারিত সময় ছিল বেলা ২টা ৩০ মিনিট। উড্ডয়নের পর উড়োজাহাজটির ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দিলে নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে নামাতে সমস্যা হয়।

পরিস্থিতি বুঝতে পেরে পাইলট বেলা ২টা ২০ মিনিটে এরিয়া কন্ট্রোলের মাধ্যমে জরুরি পরিস্থিতির কথা জানান। তখন উড়োজাহাজটি প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় ছিল। পরে এরিয়া কন্ট্রোল বিষয়টি শাহজালাল বিমানবন্দরের ঢাকা টাওয়ারকে জানায়।

জরুরি বার্তা পাওয়ার পর বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়। একই সঙ্গে উড়োজাহাজটি অবতরণের জন্য মার্শালিংসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যেও সমন্বয় করা হয়।

পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করা সম্ভব হয়। পরে বিকেল ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণের পর যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত