Ajker Patrika

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট গড়াল দ্বিতীয় দিনে, ভোগান্তি চরমে

ঢামেক প্রতিবেদক
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট গড়াল দ্বিতীয় দিনে, ভোগান্তি চরমে
দীর্ঘ সময় অপেক্ষার পর অ্যাম্বুলেন্স না পেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে রোগীকে নিয়ে যেতে বাধ্য হচ্ছে স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট। এ দিনও হাসপাতালে আসা রোগীদের অ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ২ নম্বর ভবনের সামনে অনেক রোগী ও তাঁদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।

রোগী শাহীন গাজীর ভাই শামীম গাজী জানান, তাঁর ভাই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালের নতুন ভবনে ভর্তি হয়েছেন। ঢাকার সাভার থেকে এসেছেন তাঁরা। চিকিৎসক তাঁর ভাইকে এমআরআই করাতে বলেছেন। এখন লালবাগের ইবনে সিনায় এমআরআই করাতে যাওয়ার জন্য তাঁরা অ্যাম্বুলেন্স পাচ্ছেন না।

শামীম গাজী আরও বলেন, ‘৩০ মিনিট ধরে অপেক্ষা করছি, কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না।’

রোগী শাহজাহান মিয়ার বয়স ৮০ বছর। তাঁর মেয়ে শাহিনা আক্তার বলেন, তাঁদের বাড়ি চাঁদপুরের মতলবে। গত ১৭ তারিখে তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ছুটি দেওয়া হলেও অ্যাম্বুলেন্স না পাওয়ায় তাঁরা যেতে পারেননি। শাহিনা আক্তার বলেন, ‘আজকেও সকাল থেকে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করে না পেয়ে সিএনজিতে করে নিয়ে যাচ্ছি।’

জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় ছিলেন রোগী সীমা আক্তারের ভাই রেজাউল করিম। তিনি জানান, তাঁর বোন মঙ্গলবার মাওয়া রোডে সড়ক দুর্ঘটনায় আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

রেজাউল করিম বলেন, ‘দুই-তিন ঘণ্টা চেষ্টা করেও অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারি নাই। শেষ পর্যন্ত ৯৯৯-এ কল করেছিলাম। তবুও পাইনি। শেষে জরুরি বিভাগের সামনে থাকা ঢাকা মেডিকেলের সরকারি অ্যাম্বুলেন্স চালক আমাদের বলেন, তিনি সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে পঙ্গু হাসপাতালে দিয়ে আসতে পারবেন। এরপর সেই গাড়িতে করেই এখান থেকে নিয়ে যাচ্ছি।’

দীর্ঘ সময় অপেক্ষার পর অ্যাম্বুলেন্স না পেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে রোগীকে নিয়ে যেতে বাধ্য হচ্ছে স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা
দীর্ঘ সময় অপেক্ষার পর অ্যাম্বুলেন্স না পেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে রোগীকে নিয়ে যেতে বাধ্য হচ্ছে স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

শফিক আহমেদ নামে একজন বলেন, ‘পুরো হাসপাতালটিই সিন্ডিকেটের মাধ্যমে চলছে। অ্যাম্বুলেন্সও তার বাইরে না। এখানে বাইরে থেকে কোনো অ্যাম্বুলেন্স নিয়ে আসব রোগী নিতে, সেটিও করতে পারছি না। এখানকার চালকেরা বাধা দিচ্ছে। রোগীদের জিম্মি করে তারা আন্দোলন করছে। সরকারের উচিত তাদের সিন্ডিকেট ভেঙে দেওয়া।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমন আলী বলেন, তাঁদের অ্যাম্বুলেন্স ধর্মঘট চলমান রয়েছে। বুধবারের মধ্যে দাবি না মানলে বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা গতকাল মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত