Ajker Patrika

হাম আর ডেঙ্গুর জোড়া আক্রমণের মুখে শিশুরা

• উভয় রোগে আক্রান্ত হলে চিকিৎসা কঠিন হয়।

• গুরুতর অসুস্থতা ও মৃত্যুর অনুপাত তুলনায় বেশি

• সমন্বিত কার্যকর উদ্যোগ জরুরি, মত বিশেষজ্ঞের।

মুহাম্মাদ শফিউল্লাহ, ঢাকা
হাম আর ডেঙ্গুর জোড়া আক্রমণের মুখে শিশুরা
ফাইল ছবি

ডেঙ্গু ও হাম—এই দুটি সংক্রামক রোগের উপর্যুপরি আক্রমণে বিপদে দেশের শিশুরা। কারও প্রথমে ডেঙ্গু, পরে হাম শনাক্ত হচ্ছে; আবার কারও ক্ষেত্রে একই সময়ে দুটি রোগ ধরা পড়ছে। এতে মস্তিষ্কে প্রদাহ, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো জটিলতায় আক্রান্ত হওয়া শিশুদের চিকিৎসা কঠিন হয়ে উঠছে। এতে বেড়ে যায় মৃত্যুর ঝুঁকিও। উভয় রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের এক দম্পতির মাত্র দুই দিনের ব্যবধানে দুই শিশুসন্তানকেই হারানোর ঘটনা সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে।

কিছু আগে-পরে শুরু হওয়া ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাবে চলতি বছর দীর্ঘ সময় ধরে দেশের স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক। এ বছর দেখা দিয়েছে নজিরবিহীন মাত্রায় হামের সংক্রমণ ও মৃত্যু। এই রোগের শিকার মূলত শিশুরা। আর কয়েক মাস ধরে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ।

চিকিৎসকেরা বলছেন, হাম ও ডেঙ্গুর সহ-সংক্রমণে শিশুর শারীরিক অবস্থা জটিল হতে পারে। হাম থেকে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে ডেঙ্গু যুক্ত হলে ঝুঁকি আরও বাড়তে পারে।

সম্প্রতি রাজধানীর অন্তত চারটি বিশেষায়িত হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। গত দুই সপ্তাহে এসব হাসপাতালে চিকিৎসা নেওয়া অন্তত ১০টি পরিবারের তথ্য পাওয়া গেছে, যাদের শিশু হাম ও ডেঙ্গু—উভয়টিতে আক্রান্ত হয়েছে।

রাজধানীর বাড্ডার মুসলিমা জাহানের (ছদ্মনাম) পাঁচ বছর বয়সী ছেলের প্রথমে ডেঙ্গু শনাক্ত হয় গত ২১ সেপ্টেম্বর। বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার দুই দিন পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১০ অক্টোবর পর্যন্ত চিকিৎসা চলে। পরে শরীরে র‍্যাশ দেখা দিলে চিকিৎসকেরা হাম শনাক্ত করেন। ১১ অক্টোবর শিশুটিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে ১৮ অক্টোবর পর্যন্ত চিকিৎসা নিতে হয় তাকে।

মা মুসলিমা জাহান বলেন, ‘চিকিৎসার সময় ছেলের শরীরের চামড়া উঠে গিয়েছিল। এখনো ত্বক পুরোপুরি স্বাভাবিক হয়নি। ওর রক্ত আর প্রস্রাবেও সংক্রমণ ছিল।’

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি চার বছর বয়সী রিয়াদুল ইসলামের (ছদ্মনাম) ডেঙ্গু শনাক্ত হয় ১৬ অক্টোবর। বাড়িতে চিকিৎসায় অবস্থার উন্নতি হলেও পরে আবার জ্বর আসে। ২২ অক্টোবর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দিন পর নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে ডেঙ্গুর মধ্যেই রিয়াদুলের হাম শনাক্ত হয় বলে জানান শিশুটির বাবা।

আরেক উদাহরণ ফরিদপুরের চরভদ্রাসনের চার মাস বয়সী শিশু রজত রায় (ছদ্মনাম)। গত মাসের মাঝামাঝি জ্বর ও ঠান্ডা নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চার দিন চিকিৎসার পর তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে সাত দিন চিকিৎসা নিতে হয়, যার মধ্যে তিন দিন ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ)।

মা অপর্ণা রায় জানান, চিকিৎসকেরা প্রথমে শিশু রজতের শরীরে হাম ও নিউমোনিয়া শনাক্ত করেন; পরে ডেঙ্গুও ধরা পড়ে। তাকে ফরিদপুর ও ঢাকা মিলিয়ে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা নিতে হয়েছে।

একসঙ্গে একাধিক রোগে আক্রান্ত হয়ে সন্তান হারানোর এক ঘটনা গণমাধ্যমে সম্প্রতি বেশ তোলপাড় তোলে। চট্টগ্রামের সীমিত আয়ের কর্মজীবী মোহাম্মদ কবির এভাবে হারিয়েছেন তাঁর দুই ছেলেকেই। ১০ বছর ও ১০ মাস বয়সী দুই ভাই হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন আগে-পরে (গত ৬ ও ৮ নভেম্বর) দুজনেরই মৃত্যু হয়। শোকে মুহ্যমান বাবা কবির হাসপাতালে আহাজারি করে বলছিলেন, ‘আমি শেষ হয়ে গেলাম।’ আর মা আমেনা বেগম মানসিকভাবে এমনই বিপর্যস্ত হয়ে পড়েন যে তিনি মাঝে মাঝে স্বামীকেও চিনতে পারছিলেন না।

গুরুতর অসুস্থতা ও মৃত্যুর অনুপাত বেশি

হাম ও ডেঙ্গুর সহ-সংক্রমণের বিষয়টি নিয়ে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব মেডিকেল ভাইরোলজিতে প্রকাশিত হয় সুদানের একটি গবেষণার প্রতিবেদন। এতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে আসা ৬০ জনের রক্ত পরীক্ষা করে ১০ জনের শরীরে দুই সংক্রমণেরই প্রমাণ পাওয়া যায়। সহ-সংক্রমিতদের মধ্যে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর অনুপাত তুলনামূলক বেশি দেখা গিয়েছিল।

হাম শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে এবং নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো জটিলতা তৈরি করতে পারে। তবে চিকিৎসকেরা বলেছেন, হামজনিত রোগ প্রতিরোধের দুর্বলতা ডেঙ্গুর তীব্রতা সরাসরি বাড়ায় কি না, তা এখনো প্রতিষ্ঠিত নয়।

করণীয় নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশুদের সংক্রামক ব্যাধিবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হাম ও ডেঙ্গু একসঙ্গে হলে শিশুর শারীরিক অবস্থা জটিল হওয়ার আশঙ্কা থাকে। হামের কারণে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। এর সঙ্গে ডেঙ্গু থাকলে রোগীর অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে।’

আতিকুল ইসলাম জানান, হাম নিয়ে ভর্তি হওয়ার পর ডেঙ্গু শনাক্ত হলে শিশুকে সাধারণত হামের ওয়ার্ডেই চিকিৎসা দিতে হয়। আবার ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়ার পর হাম শনাক্ত হলেও সব সময় রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হয় না। বিশেষ পরিস্থিতিতে আলাদা কেবিনের ব্যবস্থা করা হয়। হাম ও ডেঙ্গুর সহ-সংক্রমণের আলাদা নথিবদ্ধ করা হয় না। যে রোগের উপসর্গ নিয়ে রোগী প্রথমে ভর্তি হয়, সাধারণত সেই হিসাবেই তাকে নথিভুক্ত করা হয়।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৮৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়। একই সময়ে হামজনিত রোগে আক্রান্ত বা ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬৬৮। হামের জটিলতায় মৃত্যু হয়েছে ১০৪ জনের।

সারা দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪৬৬ জন। ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১৭৩।

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরে হামের কারণে ৫৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ২ হাজার ৯৬৮ জন এবং নিশ্চিত হাম নিয়ে ৭৪৪ জন রোগী ভর্তি হয়েছিল। এ ছাড়া ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে অর্ধশত।

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এফ এ আসমা খান আজকের পত্রিকাকে বলেন, ‘হাম ও ডেঙ্গুতে একই সঙ্গে আক্রান্ত হলে দুই রোগের চিকিৎসাই একসঙ্গে পরিচালনা করতে হয়। তবে তাদের আলাদা রাখা যায় না।’

চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রায় একই ধরনের মত দিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মির্জা গোলাম সারওয়ার। তিনি বলেন, একই সময়ে দুটি সংক্রমণ থাকলে রোগীর জটিলতার আশঙ্কা বাড়তে পারে। তবে এ ধরনের রোগীর সংখ্যা খুব বেশি নয়।

রোগতত্ত্ববিদেরা বলছেন, কোথাও একই সময়ে দুটি রোগের বিস্তার ঘটলে একজন ব্যক্তির উভয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বর্তমানে দেশে তেমন পরিস্থিতিই তৈরি হয়েছে। হাম প্রতিরোধের কার্যকর উপায় টিকাদান। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগে এডিস মশা নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বর্তমান পরিস্থিতিতে হাম নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিতে হবে। হামের সংক্রমণ কমানো গেলে একই সঙ্গে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমানো সম্ভব।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, ‘দুটি রোগ যখন ব্যাপকভাবে ছড়ায়, তখন কেউ উভয় সংক্রমণেই আক্রান্ত হতে পারে। একসঙ্গে দুটি সংক্রমণ থাকলে রোগীর শারীরিক অবস্থা জটিল হওয়ার আশঙ্কা থাকে। হাম অত্যন্ত সংক্রামক। অন্যদিকে ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়। ফলে দুই রোগের সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা এক নয়।’

রোগতত্ত্ববিদ ডা. মুশতাক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাম ও ডেঙ্গু—দুটিই এখন জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। হামে আক্রান্ত হওয়ার পর কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তার শারীরিক অবস্থা আরও নাজুক হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা নয়, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত কার্যকর উদ্যোগ জরুরি, যেটায় ঘাটতি রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত