
রাজধানীর বৃহত্তম পাইকারি বাজার কারওয়ান বাজারে দৈনিক প্রায় দুই থেকে তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, যার মধ্যে কেবল কয়েকটি পাইকারি মুরগির দোকান থেকেই মাসে আদায় হয় প্রায় ৬০ লাখ টাকা। সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খানের এমন দাবি করেছেন।
তবে ক্ষমতাসীন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহ্মুদা হাবীবা এই দাবিকে ‘ঢালাও অভিযোগ’ আখ্যা দিয়ে জামায়াত এমপিকে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই নিয়ে একটি গোলটেবিল বৈঠকে দুই এমপির মধ্যে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় ও বাহাস চলে।
আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক্-বাজেট সংলাপে এই ঘটনা ঘটে।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি এবং নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ।
উন্মুক্ত আলোচনা পর্বে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি বাড়ায় মানুষের কষ্ট অনেক বেড়েছে। এ জন্য আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক কমানো ও জ্বালানির দাম আর না বাড়ানো প্রয়োজন।’
ক্যাব সভাপতির এই বক্তব্যের সূত্র ধরে দ্রব্যমূল্য বাড়ার পেছনে চাঁদাবাজির বিশাল প্রভাবের বিষয়টি সামনে নিয়ে আসেন তেজগাঁও-কারওয়ান বাজার এলাকার স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান।
নিজের নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে জামায়াত এমপি সাইফুল আলম খান বলেন, ‘আমি তো আসলে চাঁদাবাজি এরিয়ার এমপি। আমাদের কারওয়ান বাজারে দৈনিক প্রায় দুই থেকে তিন কোটি টাকা কালেকশন হয়। সেখানকার কয়েকটি পাইকারি মুরগির দোকান থেকেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা নেওয়া হয়। কারওয়ান বাজারের চাঁদাবাজি নিয়ে বলতে গেলে পুরো একদিনের সময় লাগবে।’
তিনি আরও যোগ করেন, ‘এই চাঁদাবাজি যারা করে, ওপরে তারা রাজনৈতিক নেতা, কিন্তু ভেতরে আসলে চাঁদাবাজ। আগের সরকারের লোকেরা এই কাজ করত, এখনকার সময়ে কারা করছে তা আর এই প্রকাশ্য টেবিলে বলছি না।’
জামায়াত এমপির এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা। তিনি বলেন, ‘এমপি সাহেব বলছেন তাঁর এলাকায় চাঁদাবাজি হচ্ছে অথচ তিনি জানেন না কারা করছে—এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। কারা চাঁদাবাজি করছে তার একটা সুনির্দিষ্ট তালিকা তাঁর কাছে থাকা উচিত ছিল এবং সেই তালিকা নিয়ে তাঁর আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল।’
মাহমুদা হাবীবা আরও বলেন, ‘টকশো বা গোলটেবিল বৈঠকে বসে আমরা অনেক কথাই বলতে পারি। কিন্তু সুনির্দিষ্ট করে পাঁচটা নাম যখন আমরা দিতে পারি না, তখন সেটা ঢালাও বক্তব্য হয়ে যায়। আমার এলাকায় যে-ই চাঁদাবাজি করবে, সে সরকারি দল হোক বা বাইরের হোক, আমি তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং আইনের আশ্রয় নেব। তাই আমি জামায়াত এমপির এই দাবি প্রত্যাখ্যান করছি।’
বিএনপি নেত্রীর এই বক্তব্যের জবাবে সাইফুল আলম খান পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘আগেও সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করত, এখনও সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করছে।’
তিনি আরও খোলাসা করে বলেন, ‘কারওয়ান বাজার আমার এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজির স্পট। আগের সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এই চাঁদাবাজিতে জড়িত ছিলেন, তিনি আমার মহল্লার লোক এবং আমি সব পরিষ্কার জানি। এই কারওয়ান বাজারের চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই অতীতে যুবদলের একজন নেতা (মুসাব্বির) নিহত হয়েছিলেন। বিএনপির এমপি এখানে মামলা করার কথা বলছেন, কিন্তু পুলিশ আসলে সরকারি দলের লোকদের বিরুদ্ধে সহজে মামলা নিতে চায় না।’
অবশ্য এই চাঁদাবাজি বন্ধে তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে কথা বলেছেন বলে জানান সাইফুল আলম। তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। একজন মন্ত্রী আমাকে এই বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করার পরামর্শ দিয়েছেন। আমি আন্তরিকভাবেই চাচ্ছি কারওয়ান বাজার, মহাখালী বাসস্ট্যান্ড ও তেজগাঁও অঞ্চলে বছরের পর বছর ধরে চলা এই চাঁদাবাজি চিরতরে বন্ধ হোক।’

নরসিংদী শহরের একটি মাছের আড়তে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি প্রবেশ করানোর দায়ে এক পাইকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১২৩ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আল আমিন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ মিনিট আগে
প্রবাসী অধ্যুষিত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজারে উন্নত চিকিৎসাসেবার চরম সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা নেই, আর বেসরকারি হাসপাতালগুলোতে সিজার বাণিজ্যের অভিযোগ উঠেছে।
২৭ মিনিট আগে
ঢাকা-গাজীপুর বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্প দ্রুত চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)। সংগঠনটি বলেছে, প্রকল্পটির অবকাঠামোগত কাজের মাত্র তিন শতাংশ বাকি থাকলেও এটি চালু না করে উল্টো ‘প্রোপাগান্ডা’ ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, বিআরটি করিডোর ভেঙে অন্য যান চলাচলের...
৩০ মিনিট আগে