Ajker Patrika

সিএসআর তহবিলের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪১ ব্যাংকে দুদকের চিঠি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৮
সিএসআর তহবিলের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪১ ব্যাংকে দুদকের চিঠি

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের সুষ্ঠু তদন্তে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে অর্থ ছাড় করা হয়। অর্থের লেনদেন, অনুমোদন ও ব্যয়ের তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোর নথিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে কমিশন।

মার্কেন্টাইল ব্যাংকের কাছে একাধিক গুরুত্বপূর্ণ নথি চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ব্যাংকটির সিএসআর তহবিল থেকে ট্রাস্টের নামে অর্থ বরাদ্দ-সংক্রান্ত বোর্ড সভার কার্যবিবরণী ও উপস্থিতি তালিকার মূল কপি চাওয়া হয়েছে।

ট্রাস্টের নামে অর্থ প্রদানের পে-অর্ডার, চেক ও ভাউচারের মূল কপিও চেয়েছে দুদক। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর তহবিলের হিসাববিবরণী দিতে বলা হয়েছে। ওই সময়ের আগে বা পরে ট্রাস্টের নামে কোনো অর্থ দেওয়া হয়ে থাকলে তার হিসাবও জমা দিতে বলা হয়েছে।

সিএসআর তহবিল থেকে বছরভিত্তিক ও খাতওয়ারি ব্যয়ের বিবরণীও চেয়েছে কমিশন। ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংকে খোলা যেসব হিসাবে অর্থ জমা হয়েছে, সেসব হিসাবের তথ্য ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য একজন কর্মকর্তাকে তদন্তকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন।

ব্যাংকগুলোর নথিপত্র যাচাইয়ের মাধ্যমে অর্থ ছাড়ের প্রক্রিয়া, অনুমোদন এবং অর্থের চূড়ান্ত ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে দুদক। সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত