
শান্তি সমাবেশ থেকে ফিরে সংঘর্ষে জড়িয়েছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্র সংসদের ভেতরে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে নেতৃত্বকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি তখন সমাধান করা হয়। সমাবেশ শেষে সবাই ক্যাম্পাসে আসে। কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগর ও সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার সবাইকে বিদায় দিয়ে চলে যান।
সাধারণ সম্পাদক ফারুকের অনুসারী তিন-চারজন সংসদে অবস্থান করছিল। তখন ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেনের ১০-১২ জন অনুসারী সমাবেশে যাওয়ার পথে মিছিলে হাতাহাতির রেষে তাদের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে সভাপতির অনুসারী সানভির, আব্দুর রহমানসহ বাকিরা সাধারণ সম্পাদকের অনুসারী ওই তিন-চারজনকে চড়-থাপ্পড় মারতে শুরু করে। ঘটনাটি জানাজানি হলে সাধারণ সম্পাদকের অন্য অনুসারীরা ক্যাম্পাসে আসে। তখন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে ছাত্র সংসদে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়। ছবি ভাঙচুরের জন্য এক পক্ষ অন্য পক্ষের ওপর দোষ চাপাচ্ছে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগবিষয়ক উপসম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতির অনুসারী সানভির মাহমুদ ফয়সাল বলেন, ‘শান্তি সমাবেশে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ক্যাম্পাসে এসে দুই পক্ষের মাঝে আবার বাগ্বিতণ্ডা হয়। পরে শাহেদ, আনোয়ার, সাকলাইন, মাছুম, আশিক, আশরাফ—এদের নেতৃত্বে ৩০-৩৫ জন আমাদের ওপর হামলা করে। হামলার একপর্যায়ে তারা সংসদে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।’
কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের অনুসারী রাফি উজ সাকলাইন বলেন, ‘আমি বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সাগরের অনুসারীরা উল্টো নিজেরাই নিজেদের কার্যালয়ে হামলা চালিয়েছে। সাগর নিজেই বহিরাগত। তার নেতৃত্বে কেরানীগঞ্জ থেকে বহিরাগতরা এসে আমাদের ওপর হামলা চালিয়েছে।’
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার বলেন, ‘ঝামেলার সময় আমি ক্যাম্পাসে ছিলাম না। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। সমাবেশের সময় যে ঘটনা ঘটেছে তা সেখানেই মীমাংসা করা হয়েছে। আবার ক্যাম্পাসে এসে যে বা যারাই সংঘর্ষ ও ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল আমরা সিসি টিভির ফুটেজ দেখে তাদের নাম কেন্দ্রে পাঠাব। ছাত্রলীগের অভিভাবক সাদ্দাম ভাই এবং ইনান ভাই তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।’
কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ‘ঘটনার সময় আমি ক্যাম্পাসে ছিলাম না। পরে এসে জানতে পেরেছি। বিষয়টি মীমাংসা করা হয়েছে। তবে যারা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে তারা কখনো ছাত্রলীগের কর্মী হতে পারে না। তারা পিঠ বাঁচানোর জন্য ছাত্রলীগ করছে এবং সুযোগ বুঝে সংগঠনের ভেতরে ঝামেলা সৃষ্টি করছে। যে বা যারাই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত আছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল হায়াত বলেন, ‘পেটব্যথা ও বমি বমি ভাব নিয়ে ১০ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে তাদের অবস্থার উন্নতি হলে হাসপাতাল...
১৩ মিনিট আগে
বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের...
১ ঘণ্টা আগে
এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
২ ঘণ্টা আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
২ ঘণ্টা আগে