
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয়।
অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তেজগাঁও ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে বেলা ২টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যানচলাচল শুরু হয়।
অবরোধের সময় দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশ পরিবর্তনের দাবি জানান সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
একই সঙ্গে এসব পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে দাবি জানান বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. আখেরুজ্জামান।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ শেষে আজকের পত্রিকাকে তিনি এসব কথা বলেন।
আখেরুজ্জামান বলেন, প্রকৌশল সেক্টরে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দীর্ঘদিনের পেশাগত সমস্যা সমাধানে সরকারের গঠিত কমিটি কিছু সিদ্ধান্তের প্রস্তাব করে। সেখানে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব করা হয়। এটি ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য বৈষম্যমূলক, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বেআইনি।
আখেরুজ্জামান বলেন, ‘আমরা উপদেষ্টা কমিটির খসড়া সুপারিশ পরিবর্তনের অনুরোধ জানাই। যদি এই সুপারিশ পরিবর্তন না করা হয় আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে শবে বরাতের জন্য অবরোধ তুলে নেওয়া হয়েছে।’ পরবর্তী কর্মসূচি বৃহস্পতিবার জানানো হবে বলে জানান প্রকৌশলী মো. আখেরুজ্জামান।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, সাতরাস্তায় সড়ক অবরোধের কারণে আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। বিশেষ করে সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে পাস করা হয়। সড়ক ছাড়ার পর যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে কেবিনে ঢুকে মারধরের অভিযোগে রাকিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।
৯ মিনিট আগে
জারুলের মৌসুম এলে ক্যাম্পাসের সৌন্দর্য যেন হঠাৎ করেই উন্মুক্ত হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে প্রথম গেট দিয়ে প্রবেশ করলেই রাস্তার দুই পাশে সারি সারি গাছ, ডাল ভরা নানান রঙের ফুল।
২২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। ফলে বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা দিয়েছে।
২৬ মিনিট আগে
রাজধানীর বংশাল এলাকার নয়াবাজার বাগডাসা লেনের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বংশাল থানার পুলিশ পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।
৩৯ মিনিট আগে