Ajker Patrika

১৫ বছর পূর্তিতে নৌকাবাইচ-ম্যারাথন-গালা নাইট করবে ডিএনসিসি, ব্যয় আড়াই কোটি টাকা

সাইফুল মাসুম, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮: ৫৪
১৫ বছর পূর্তিতে নৌকাবাইচ-ম্যারাথন-গালা নাইট করবে ডিএনসিসি, ব্যয় আড়াই কোটি টাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজনের ব্যয় নির্বাহের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আড়াই কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এই উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ম্যারাথন প্রতিযোগিতা, ফ্লাওয়ার শো, গালা নাইট, নগর স্বাস্থ্য ও ই-রেভিনিউ মেলাসহ নানা জনসম্পৃক্ততামূলক কর্মসূচি।

সম্প্রতি ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় প্রশাসক জানান, বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি ও ডিও লেটার পাঠানো হয়েছে এবং প্রতিমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক সম্মতি পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগ ও অঞ্চলগুলোকে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নামে দুটি স্বতন্ত্র সিটি করপোরেশন গঠন করা হয়।

ডিএনসিসির তথ্য অনুযায়ী, উৎসবের অংশ হিসেবে তিনটি বড় কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে। ম্যারাথন প্রতিযোগিতা হবে ২৭ নভেম্বর ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩০০ ফিট এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত। ডিএনসিসির অঞ্চল-১-এর তত্ত্বাবধানে এটি আয়োজন করা হবে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ হবে ২৮ নভেম্বর বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত হাতিরঝিলে। সেখানেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অঞ্চল-৩-এর মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হবে।

ফ্লাওয়ার শো ও গালা নাইটের আয়োজন করা হবে আগামী ১ ডিসেম্বর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন মাঠে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবে ‘ফ্লাওয়ার শো’, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বর্ণাঢ্য ‘গালা নাইট’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সময়ের স্বল্পতা বিবেচনায় সরকারি ক্রয় আইন ও বিধিমালা (পিপিআর) অনুসরণ করে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এসব অনুষ্ঠান ও ব্র্যান্ডিং কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি ভেন্যু ব্যবহারের অনুমতির জন্য রাজউক এবং সার্বিক নিরাপত্তার জন্য পুলিশকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানতে চাইলে ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের সব প্রস্তুতি খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আয়োজনটা বেশ বর্ণাঢ্য ও উপভোগ্য হবে।

আঞ্চলিক অনুষ্ঠান ও নাগরিক সেবা মেলা

১৫ বছর পূর্তির উৎসবকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ডিএনসিসির ১০টি অঞ্চলে পৃথকভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে। এ জন্য প্রতিটি অঞ্চলকে ৭ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা অগ্রিম বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া করপোরেশনের নিজস্ব বিভাগীয় বাজেটে ‘খালপাড়ে একদিন’, উত্তরা ১৫ নম্বর সেক্টরের অন্ধকার স্থান চিহ্নিত করে আলোকিতকরণ, ই-রেভিনিউ মেলা এবং নগর স্বাস্থ্য মেলার আয়োজন করা হবে। পাশাপাশি ডিএনসিসির ১৫ বছরের সাফল্য, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি প্রকাশনা ‘স্মারক সুভেনির’ প্রকাশ করা হবে।

কর্মীদের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার

নগরীর সেবা কার্যক্রমে গতি আনতে মাঠপর্যায়ের কর্মীদের কাজের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। ১৫ বছর পূর্তির আয়োজনে ডিএনসিসির ১০টি অঞ্চল থেকে মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ-বনায়ন ও ড্রেনেজ ব্যবস্থাপনা—এই তিনটি খাতের প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৩০ জন করে সর্বমোট ৯০ জন শ্রেষ্ঠ কর্মীকে পুরস্কৃত করা হবে।

এ ছাড়া সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে নগর ভবন কেন্দ্রীয় কার্যালয়সহ ১০টি অঞ্চলের মধ্য থেকে সেরা ৩টি অঞ্চলকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ঢাকা উত্তর সিটি ১৫ বছর পার করছে। ১৫ বছরপূর্তিতে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। এই আয়োজনের মাধ্যমে গত দেড় দশকে ডিএনসিসির অগ্রগতি তুলে ধরা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত