
দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কক্সবাজারে চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করেছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (সীমান্তবিহীন চিকিৎসক দল-এমএসএফ)। রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় জনগোষ্ঠীতে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া ছাড়াও চলমান টিকাদান কার্যক্রমে সহযোগিতা করছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি।
২০২৬ সালের শুরু থেকে দেশে হামের প্রকোপ দ্রুত বেড়েছে, যা ইতিমধ্যে প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১২ লাখের বেশি শরণার্থী ঘনবসতিপূর্ণ ও সীমিত স্বাস্থ্যসেবা পরিবেশে বসবাস করায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ক্যাম্পভিত্তিক স্বাস্থ্য খাতের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে ৩৩০ জনের বেশি সন্দেহভাজন ও প্রায় ৪০ জন পরীক্ষাগারে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আশপাশের স্থানীয় এলাকায় আরও প্রায় ১৬০ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এমএসএফের কান্ট্রি মেডিকেল কো-অর্ডিনেটর মিকে স্টেনসেন্স বলেন, বছরের শুরু থেকেই রোগী শনাক্ত হচ্ছিল, তবে মার্চ মাস থেকে সংক্রমণ দ্রুত বাড়ে এবং এপ্রিল মাসে তা আরও তীব্র আকার ধারণ করে। আক্রান্ত ব্যক্তিদের বড় অংশই পাঁচ বছরের কম বয়সী শিশু, যাদের মধ্যে নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে।
সংস্থাটি বলছে, শুধু এপ্রিল মাসেই কক্সবাজারের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ২৮৪ জন হাম রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে; যা আগের তিন মাসের তুলনায় প্রায় চার গুণ বেশি। এর মধ্যে ৮২ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ১৯ এপ্রিল জামতলী ক্যাম্পে একটি পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়, যা পুরো ক্যাম্প এলাকার জন্য রেফারেল সেন্টার হিসেবে কাজ করছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় এটি ইতিমধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছে গেছে।
গয়ালমারা মা ও শিশু হাসপাতাল এবং কুতুপালং হাসপাতালের তথ্য অনুযায়ী, অনেক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্যাম্পের ঘনবসতি, দুর্বল জীবনযাত্রা ও টিকাদানের নিম্ন হার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এমএসএফ জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তারা ৩৫০ জনের বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে ১০৩ জনের অবস্থা ছিল জটিল। সংস্থাটি বর্তমানে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম এবং হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা অব্যাহত রেখেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল ও তার অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
২ মিনিট আগে
নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি
১ ঘণ্টা আগে
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৫ ঘণ্টা আগে