Ajker Patrika

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের
রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন মুখপাত্র জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাজমুস সালেহী। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত নেতৃত্বের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করাসহ ৫ দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সমন্বয়ক ও সংগঠকেরা।

আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাজমুস সালেহী।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নাজমুস সালেহী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য, মেধার অবমূল্যায়ন, রাষ্ট্রীয় জবাবদিহির সংকট এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণজাগরণ। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছিল।

হতাশা প্রকাশ করে সালেহী বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে।

এ সময় বিভিন্ন দাবি তুলে ধরেন সাবেক সমন্বয়কেরা। দাবিগুলোর মধ্যে রয়েছে— রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত নেতৃত্বের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে হবে; জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, আহত ও সম্মুখসারির সহযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও কঠোরভাবে যাচাইকৃত রাষ্ট্রীয় গেজেট প্রকাশ; দেশের বিভিন্ন জাতীয় ট্র্যাজেডি ও বহুল আলোচিত অবিচারের নিরপেক্ষ বিচার; দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক ও পরিচালনা পর্ষদকে দলীয় প্রভাবমুক্ত করা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর কাঠামোগত সংস্কার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বান্ধব উচ্চশিক্ষা নীতি প্রণয়ন করতে হবে।

প্রকাশিত গেজেটে প্রকৃত অনেক জুলাই যোদ্ধার নাম বাদ পড়া এবং অযোগ্য ব্যক্তির অন্তর্ভুক্তির অভিযোগ প্রসঙ্গে বক্তারা বলেন, নিরপেক্ষ যাচাইয়ের মাধ্যমে তালিকা পুনর্বিবেচনা ও সংশোধন করা জরুরি। সংশোধিত গেজেটভুক্ত আহত যোদ্ধাদের যোগ্যতা অনুযায়ী পুনর্বাসন, কর্মসংস্থান ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে এবং এই গেজেটভুক্ত ব্যক্তিরাই কেবল রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বৈছাআ’র সাবেক সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি, বৈছাআ’র সাবেক সদস্যসচিব শেখ নাজমুস সাকিব, সাবেক সমন্বয়ক আল আমিন বাবলু, সাবেক সংগঠক শাখাওয়াত হোসাইন, জুলাই যোদ্ধা আকরাম খান ও তৌফিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত