
আবাসিক ভবনে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না রেখেই অবৈধভাবে রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে এমন সব এলাকায় এক যোগে অভিযান শুরু করেছে পুলিশ। প্রথম দিনের অভিযানে কমপক্ষে ৩৬ জনকে আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাজধানীর উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, ধানমন্ডি, খিলগাঁও, রামপুরা, মতিঝিল ও পুরান ঢাকায় অভিযান শুরু করে পুলিশ। আগামী তিন দিন এই অভিযান চলবে। গত বৃহস্পতিবার বেইলি রোডের অগ্নিকাণ্ডে একসঙ্গে ৪৬ জন মারা যাওয়ার পর পুলিশ এই সাঁড়াশি অভিযান শুরু করল।
আটকদের বেশির ভাগই রেস্টুরেন্টের ম্যানেজার। তাঁদের কাছে রেস্টুরেন্ট পরিচালনার বৈধ সব ডকুমেন্টস চাওয়া হয়েছে। এসব ডকুমেন্টস দেখে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর উত্তরার উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, বিমানবন্দর, দক্ষিণখান থানা এলাকায় গতকাল রাত ৮টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকার একুশে রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, একুশে রেস্তোরাঁয় লাইনের গ্যাসে চলে রান্নার কার্যক্রম। তবে তিতাস গ্যাসের কতটি চুলার অনুমোদন আছে, সেটি জানেন না তিনি। ম্যানেজার মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগলে যা করণীয় আমরা করব। আমাদের অগ্নিনির্বাপক ব্যবস্থা অন্য জায়গায় রয়েছে।’
পাশের সী শেল রেস্টুরেন্ট ও রেসিডেন্সের একই ভবনে রেস্টুরেন্ট ও হোটেল। ইতিপূর্বে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন নিহতও হয়েছিলেন। সেখানকার লিফট নষ্ট থাকায় সিঁড়ি দিয়েই চলাচল করছেন কাস্টমাররা, নেই কোনো ইমারজেন্সি পথ। রেস্টুরেন্টটির ম্যানেজার ম্যানেজার মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিলিন্ডার গ্যাসে আমাদের কার্যক্রম চলে। আমাদের রেস্টুরেন্ট ও রেসিডেন্সের অনুমতি রয়েছে, তাই আমরা চালাচ্ছি।’
জসিমউদ্দিনের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় টার্কিস কাবাব রেস্টুরেন্ট। সেখানকার ম্যানেজার হারুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হয়। বিল্ডিংয়ে শুরু থেকে রেস্টুরেন্ট ছিল। পরে হাসপাতাল দিয়েছে।’
বিএনএস সেন্টার সংলগ্ন জাফরান রেস্টুরেন্ট অ্যান্ড কাবাবের প্রবেশ পথেই রাখা গ্যাস সিলিন্ডার। সেখানকার জরুরি পথটিও রেস্টুরেন্টের টেবিল দিয়ে আটকানো। কাবাবের ম্যানেজার আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমরা গ্যাস সিলিন্ডার ও খাবার টেবিল সরিয়ে ফেলব।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কোনো অনিয়ম পাই নাই। সামান্য কিছু এলোমেলো ছিল, মালিকেরা বলছে ঠিক করে ফেলবে। সেই সঙ্গে এসব হোটেল ও রেস্টুরেন্ট গ্যাস লাইনের কাগজপত্র ও ফায়ার সার্ভিসের কাগজপত্র থানায় নিয়ে আসতে বলা হয়েছে। পরে আমরা যাচাই বাছাই করে দেখব।’
পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, যেসব রেস্টুরেন্ট যথাযথ নিয়মকানুন না মেনে ও আইন ভঙ্গ করে পরিচালিত হচ্ছে সেসব রেস্টুরেন্টে অভিযান চালানো হচ্ছে। আইন অনুযায়ী এসব রেস্টুরেন্ট মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া নয়া পল্টনের ‘আদি কড়াই গোস্ত’ রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ করে রাখা হয়েছে। জানতে চাইলে রেস্টুরেন্টের একজন কর্মী বলেন, পুলিশ বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে বলে মালিকের নির্দেশনায় রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।
পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, ‘ধানমন্ডির একাধিক রেস্টুরেন্টে আমরা অভিযান পরিচালিত করেছি। বেশ কিছু রেস্টুরেন্টে আমরা অনিয়ম পেয়েছি।’

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাসে উপার্জিত অর্থ ও সেই টাকায় কেনা জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসফেরত ব্যক্তি। অভিযোগ রয়েছে, তাঁকে নারকেলগাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় বঙ্গবন্ধু সড়কে তাঁর বাসভবনের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন ভৈরব পৌর প্রশাসক...
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জীবননগর আশতলাপাড়ার ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে