Ajker Patrika

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৪
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
ডিএমপির ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

আজ রাত ৮টা ৪৬ মিনিটে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আবদুল্লাহ আল সাকিব সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিবুলকে আদালতে হাজির করা নিয়ে আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। তাঁর আদালতে হাজিরের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরাও আদালত এলাকায় অবস্থান নেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ১৭ সেপ্টেম্বর ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়। ওই অডিও রেকর্ডে গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ তিনি আরও বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তাঁর দেশে আসা উচিত।’ অডিওতে তাঁকে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলতেও শোনা যায়।

প্রত্যাহারের পর রাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত হয়। পরে রাকিবুলকে রাজারবাগ থেকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত