পারভেজ হত্যা

হাসাহাসিকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শিক্ষকেরা মিটিয়ে দিলেও থামেনি ক্ষোভ। দুই ছাত্রীকে ‘বোন’ ডেকে ক্ষমা চাওয়ার পরও পরিকল্পিত হামলায় খুন হন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় দুই ছাত্রীসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
এক বছরের তদন্ত শেষে বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন জানান, গত ৬ মে অভিযোগপত্রটি আদালতে পৌঁছায়। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
তবে এই অভিযোগপত্রে অসন্তোষ জানিয়েছে পারভেজের পরিবার। মামলার বাদী ও পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বলেন, প্রকৃত অনেক খুনিকে বাদ দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁরা নারাজি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ১৯ এপ্রিল মিডটার্ম পরীক্ষা শেষে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের ফুটপাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র পারভেজ। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু জহর গিফফারি পিয়াস, তাঁর দুই বান্ধবী ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক টিনাসহ কয়েকজন সেখানে ছিলেন।
পুলিশের ভাষ্য, ঐশী ও টিনা মনে করেছিলেন, পারভেজ ও তাঁর বন্ধুরা তাঁদের উদ্দেশে হাসাহাসি করছেন। এ নিয়ে পিয়াসের সঙ্গে পারভেজের বাগ্বিতণ্ডা হয়। পরে ফোনে ডেকে আনা হয় আরও কয়েকজনকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষকেরা হস্তক্ষেপ করে উভয় পক্ষকে প্রক্টরের কক্ষে নিয়ে যান।
সেখানে শিক্ষক সুষমা সাহা স্বাতীসহ অন্যরা দুই পক্ষকে শান্ত করেন এবং মীমাংসা করে দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ঐশী ও টিনাকে বোন সম্বোধন করে পারভেজ বলেন, ‘আমি কিছু না করলেও যদি ভুল বুঝে থাকো, ক্ষমা করে দিয়ো।’
কিন্তু মীমাংসার পরও থামেনি বিরোধ। তদন্তে উঠে এসেছে, প্রক্টরের কক্ষ থেকে বেরিয়ে মেহেরাজ, মাহাথির, পিয়াস, ঐশী ও টিনা নিজেদের মধ্যে পরামর্শ করেন। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে পারভেজের বন্ধু তরিকুল ইসলামকে আটকে মারধর করা হয়। একপর্যায়ে পারভেজকে দেখতে পেয়ে তাঁর ওপর চড়াও হয় হামলাকারীরা। অভিযোগপত্র অনুযায়ী, প্রথমে তাঁকে কিল-ঘুষি মারা হয়। পরে কাঠের বাটাম ও ফুলের টব দিয়ে আঘাত করা হয়। প্রাণ বাঁচাতে দৌড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছালে রাকিব ছুরি দিয়ে তাঁর বুকের বাঁ পাশে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় পারভেজকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযোগপত্রে যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মাহাথির হাসান, আল কামাল শেখ, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা ও রাকিব। তাঁদের মধ্যে পিয়াস, ঐশী ও রাকিব পলাতক।
তবে ঘটনার সময় উপস্থিত থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার, যুগ্ম সদস্যসচিব মারুফ মিয়াজি হৃদয়সহ গ্রেপ্তার ও সন্দেহভাজন আটজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ও বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন বলেন, চারজনের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ মেলেনি এবং অন্য চারজনের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ এপ্রিল সন্ধ্যায় নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে খুন হন পারভেজ। তাঁর মৃত্যুর পর ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদল তাঁর হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ওই সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। ছাত্রদল এই হত্যার জন্য তৎকালীন বৈষম্যবিরোধী আন্দোলনের বনানী থানা শাখার নেতা-কর্মীদের অভিযুক্ত করেছিল। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি প্রথম থেকে এই দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে আসছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া চামড়ার হাটে কোরবানির ঈদ মৌসুমে বিপুল পরিমাণ চামড়া উঠলেও ক্রেতা সংকটে বিক্রি হচ্ছে না। দাম পড়ে যাওয়ায় ও খরচ বেড়ে যাওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।
১২ মিনিট আগে
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
১৫ মিনিট আগে
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণের বিষয়ে মন্তব্য করতে দেখা গেছে।
২১ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মা, দুই মেয়ে ও এক অটোরিকশাচালকের মৃত্যুর পরদিন সেখানে স্পিড ব্রেকার নির্মাণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ওই স্থানে দুটি স্পিড ব্রেকার নির্মাণের...
১ ঘণ্টা আগে