
পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন কয়েকশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন করেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
এর আগে, গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান চালায় এনএসআই ও পুলিশ। সেই অভিযানে বহু দালালদের সঙ্গে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকেও আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, হাসপাতাল ভিজিটের জন্য বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের পরও হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই করে তাঁদের ছেড়ে দেন।
সে ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমরা দেশের স্বাস্থ্য খাতে কাজ করি। দেশে উৎপাদিত ওষুধ সম্পর্কে, সেই ওষুধ সেবনের বিধিনিষেধ সম্পর্কে চিকিৎসকদের অবগত করি। হাসপাতালে কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আমাদের কেউ সম্পৃক্ত নয়। তবুও আমাদের শুনতে হয়, আমরা দালাল। হাসপাতালে কোনো রোগীর সঙ্গে, কোনো চিকিৎসকের সঙ্গে আমরা প্রতারণা করেছি, এটি কেউ বলতে পারবে না।’
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ফার্মা সেক্টরটি বাংলাদেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেক্টরে সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরি করে দিতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত এবং আমাদের মর্যাদা নিশ্চিত হয়। এই সেক্টরকে বাঁচাতে হলে এই নীতিমালা খুবই জরুরি।’
‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে ফারিয়ার সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আজকে আমাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এই মানববন্ধন। মেডিকেল রিপ্রেজেনটেটিভরা এ দেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য অংশ। অত্যন্ত পরিতাপের বিষয়, তাঁদের পেশাগত মর্যাদা নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে। চিকিৎসা প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নন, বরং তাঁরা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা আজ সংকটের মুখে। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেনটেটিভদের কাজ করার পথে সকল বাধা দূর করার আহ্বান জানাচ্ছি।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। এদিকে, নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৪ জন রোগী।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি হুমায়রা জান্নাত (৪)। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।
২ ঘণ্টা আগে