হত্যার হুমকির পর এজেআর কুরিয়ারের স্টোররুমে আগুন দেওয়ার চেষ্টা

রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের স্টোররুমের পেছনে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
আজ রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ সময় আগুন দিতে আসা ব্যক্তিদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাজারীবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে। হাজারীবাগ থানা-পুলিশ বলছে, তাঁরা বিষয়টি জেনেছেন। ঘটনা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২০ অক্টোবর সন্ধ্যায় এজেআর কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ ওঠে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির অভিযোগ, ওই ঘটনায় ৭০ থেকে ৮০ জন অংশ নেন। পরে ২১ অক্টোবর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আফসার উদ্দিন চাঁদাবাজি, হামলা ও লুটপাটের অভিযোগে মামলা করেন।
মামলার পর গত শুক্রবার আফসার উদ্দিনকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ‘লাশ রাস্তায় পড়ে থাকবে’—এমন কথা বলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা। প্রাণনাশের আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে গতকাল শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আফসার উদ্দিন।
এ ছাড়া শনিবার হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা এজেআর কুরিয়ার সার্ভিসের পাঁচটি ট্রাক ভাঙচুর করেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
একের পর এক হামলা, হত্যার হুমকি ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।











