
রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আরও তিন আসামি। আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
যে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁরা হলেন—ইমন ওরফে মিলন, সানোয়ার হোসেন ও বদরুল আলম।
দুপুরের পর তাঁদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরপর তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এই তিনজন সরাসরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। তিনজনই স্বীকার করেন তাঁরা মাইক্রোবাসে করে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে পরিকল্পনামাফিক অবস্থান করছিলেন। ব্যাংকের টাকা নিয়ে একটি গাড়ি যাওয়ার সময় তাঁরা সেটাকে আটকান। ওই গাড়িতে যাঁরা ছিলেন তাঁদের নামিয়ে হত্যার ভয় দেখিয়ে টাকার বাক্সগুলো নিয়ে যান। প্রত্যেকে আরও স্বীকার করেন, এই মামলার আসামি আকাশ, হৃদয় ও মিলন মূল পরিকল্পনাকারী।
আসামিরা স্বীকারোক্তিতে আরও জানান, টাকা বহনকারী একটি মাইক্রোবাস থেকে টাকার বাক্সগুলো নিয়ে তাঁরা বাজারের ব্যাগে করে নিজেদের মাইক্রোবাসে যান এবং নিরাপদ স্থানে গিয়ে প্রত্যেকে আলাদা হয়ে টাকাগুলো নিয়ে সটকে পড়েন।
এর আগে গতকাল বৃহস্পতিবার চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে একই কথা বলেন।
উল্লেখ্য, ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর আটজনকে গ্রেপ্তার করে ১২ মার্চ ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৩ মার্চ হৃদয়ে নামে এক আসামিকে রিমান্ডে দেওয়া হয়। পরে ১৪ মার্চ আকাশ ও হৃদয় নামে দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রাজশাহীতে এক পুলিশ সদস্যকে মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টার ঘটনায় শফিউল আলম পাভেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর শ্রীরামপুর মোড়ের নভোথিয়েটার পার্কের সামনে তিন রাস্তার মোড়ে দায়িত্ব পালনের সময় মোটরসাইকেল চালক পাভেল এক পুলিশ সদস্যকে চাপা দিয়ে পালিয়ে যান।
৮ মিনিট আগে
ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলেও ভোট দিতে গিয়ে যেন সংগ্রাম করতে হয় জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের বীর সাপধরী এলাকার বাসিন্দাদের। প্রায় তিন দশক ধরে ভোট দিতে তাঁদের পাড়ি দিতে হচ্ছে প্রায় ১০ কিলোমিটার পথ। ইউনিয়নের এক কোণায় মণ্ডলপাড়া ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হয় তাঁদের।
১১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।
৩২ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাকজিনগর গ্রামে প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের পথে গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১৮টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পরিদর্শনের পরও রাস্তা বন্ধ থাকায় ভুক্তভোগীরা দ্রুত সমাধান দাবি করেছেন।
৩৯ মিনিট আগে