Ajker Patrika

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: ডা. শফিকুর রহমান

দোহার (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬: ০০
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: ডা. শফিকুর রহমান
আইডিইবি মিলনায়তনে আজ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার ষাণ্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাইয়ের আকাঙ্ক্ষার একটিও এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের সন্তান, মা-বাবা ও বিধবা স্ত্রীদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপও কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার ষাণ্মাসিক রুকন সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের ঢাকা জেলা সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মজলিশে শুরার সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনের আগেও আওয়ামী লীগ গণহত্যা করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, ২০১৩ সালের শাপলা চত্বর এবং মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে গণহত্যা ঘটিয়েছে। সবশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড দেশের মানুষকে জাগিয়ে তুলেছে।’

দেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। একইভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়েও অন্যদের হস্তক্ষেপ কাম্য নয়।’

বিশেষ অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, কোরআনের আলোকে চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তুলতে হবে। মানুষের পরিচালিত সংগঠনে ভুল হতে পারে, তবে মানসিক দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।

সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনাকারী তিনটি দলই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মানুষের কল্যাণে ইসলামি আদর্শের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

সরকার দেশকে পুনরায় ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায় উল্লেখ করে সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, ‘সংসদ ও সংসদের বাইরে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণভোট বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাব।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী আমির নূরুল ইসলাম বুলবুল (এমপি), ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, মাওলানা আব্দুল জব্বার, ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, অধ্যক্ষ শাহিনুর ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন, মাওলানা শাহাদাত হোসেনসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত