Ajker Patrika

বিমানবন্দর তৃতীয় টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাৎ: তারিক সিদ্দিককে দুদকে তলব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিমানবন্দর তৃতীয় টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাৎ: তারিক সিদ্দিককে দুদকে তলব
তারিক সিদ্দিক। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র তাঁর নামে এ নোটিশ জারি করেন। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, তারিক আহমেদ সিদ্দিকের ঠিকানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। সেখানে তাঁর অধীনস্থ কাউকেও পাওয়া যায়নি। পরে সাইদুল ইসলাম নামের এক নিরাপত্তাকর্মীর উপস্থিতিতে গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে তাঁর ঠিকানায় নোটিশটি সাঁটিয়ে দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় মামলার বিষয়ে তাঁর বক্তব্য ‘শ্রবণ ও গ্রহণের’ জন্য এ নোটিশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, তারিক আহমেদ সিদ্দিকসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সম্প্রসারণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করে দুদক। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি এর একটি।

২০০৯ সাল থেকে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত