Ajker Patrika

নাইট কোচ কাউন্টার উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত

তৌফিকুল ইসলাম, ঢাকা 
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২: ১৩
নাইট কোচ কাউন্টার উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত
ফাইল ছবি

রাজধানীতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচের কাউন্টার উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। বাস টার্মিনাল সংস্কার ও সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর ফলে নাইট কোচ কাউন্টার সরাতে তিন মাস সময় পেলেন বাস মালিকেরা। একই সঙ্গে টার্মিনালের বাইরে যে কোনো জায়গায় দূরপাল্লার বাসের কাউন্টার থাকার সুযোগ রয়ে গেল।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সরকারি প্রতিষ্টান ও মালিক সমিতির একাধিক প্রতিনিধির সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।

ওই সভা সূত্রে জানা যায়, রাজধানীর বিদ্যমান বাস টার্মিনালগুলো আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর জন্য একটি যৌথ কমিটি গঠন করা হবে। এতে বাস মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি, টার্মিনাল সংশ্লিষ্ট ফেডারেশন এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা থাকবেন। এই কমিটি টার্মিনাল ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে সুপারিশ দেবে। তারপর সকল কাউন্টার টার্মিনালের মধ্যে চলে যাবে।

ওই বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, টার্মিনাল সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত তিন মাস উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হবে। এই সময়ে টার্মিনালের বাইরে সড়কে যে সব কাউন্টার আছে সেখান থেকে যাত্রী ওঠানামা বা বাস ছাড়ার মাধ্যমে যানজট সৃষ্টি না করার বিষয়ে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। টিকিট বিক্রি করা যাবে কিন্তু কাউন্টারের সামনে বাস রাখা যাবে না।

সভায় আরো আলোচনা হয়েছে, নন-এসি বাসের ক্ষেত্রে ভাড়া তালিকা প্রতিটি কাউন্টারে দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এসি বাসের ভাড়া নির্ধারণে কমিটি করে দেওয়া হয়েছ। ঈদুল আজহার আগে এটা কার্যকর করা হবে সভায় জানানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, তিন মাসের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনা উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে পরবর্তীতে নতুন করে কঠোরভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।

এর আগে গত ৫ এপ্রিল রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ নির্দেশনার পর রাজধানীর কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন কাউন্টার কার্যক্রম বন্ধ রাখা হয়। কল্যাণপুরের কাউন্টারগুলোতে সাময়িক বন্ধের নোটিশ টানানো হয় এবং সেখান থেকে ছেড়ে যাওয়া বাসগুলো গাবতলী বাস টার্মিনাল ও টেকনিক্যাল এলাকা থেকে পরিচালিত হতে থাকে। একই চিত্র দেখা যায় সায়েদাবাদ টার্মিনালের আশপাশেও। এতে যাত্রীরাও কিছুটা ভোগান্তিতে পড়েছিল হঠাৎ এসব কাউন্টার বন্ধ করাতে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সড়কমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পরে আজ বৃহস্পতিবার সকাল থেকে কল্যাণপুর ও সায়েদাবাদ এলাকার সড়কের পাসের দূরপাল্লার বাসের কাউন্টার আবার চালু হয়েছে। আগের মতন ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

বৈঠকে অংশ নেওয়া এক পরিবহন মালিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাস্তার পাশে কাউন্টার রাখতে আগ্রহী নই; বরং টার্মিনালের ভেতরেই কার্যক্রম পরিচালনা করতে চাই। তবে বর্তমান টার্মিনালগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে, পাশাপাশি পরিবেশও অনেক ক্ষেত্রে অনুপযোগী ও অপরিচ্ছন্ন। আগে টার্মিনালগুলোর ব্যবস্থাপনা উন্নত করে পর্যাপ্ত স্থান ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হলে স্বেচ্ছায় সেখানে কার্যক্রম স্থানান্তর করব। হঠাৎ করে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই অভিযান চালিয়ে টার্মিনালের বাইরে সব কাউন্টার বন্ধের নির্দেশ দেওয়া বাস্তবসম্মত নয়।’

এদিকে গতকালের বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, টার্মিনালের বাইরে দূরপাল্লার কাউন্টার বন্ধের বিষয়ে মালিকদের তিন মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা নিতে হবে। আপাতত কাউন্টার থেকে টিকিট বিক্রি করা যাবে, তবে সেখানে বাস দাঁড়াতে পারবে না। যাত্রীরা টিকিট কিনে ছোট যানবাহনে করে নির্ধারিত স্থানে গিয়ে বাসে উঠবেন। ফলে উচ্ছেদ কার্যক্রমও এই তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে টার্মিনালের ব্যবস্থাপনা ঠিক করবে সরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

মিরপুরের ১০ নারীকে যাত্রাবাড়ী এনে ধর্ষণ-ব্ল্যাকমেল করেন রাব্বি, বিয়েও করেন একই কায়দায়

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

নতুন শর্তে এবার লোহিতসাগর বন্ধ করার হুমকি ইরানের

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন ডিসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত