ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাছাকাছি একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ককটেল দুটি উদ্ধার করা হয়। একই সময়ে ধানমন্ডির সিটি কলেজের পাশের ৩ নম্বর রোডের একটি স্থান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। পরে সেগুলোও নিষ্ক্রিয় করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে দুই ব্যক্তি এসে ককটেল দুটি রেখে চলে যান। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা সেগুলোর বিস্ফোরণ ঘটাতে পারেননি। একইভাবে সিটি কলেজের পাশেও কে বা কারা দুটি ককটেল রেখে চলে যায়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দুই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।










