
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত ‘সুরাহ ট্রাভেলস অ্যান্ড ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাঞ্জুর প্রধানিয়া (৩৫), মো. ওসমান গনি (২৫) ও কাজী মো. আতা-ই-রাব্বি (২৮)। আজ সোমবার সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, জর্ডানের আম্মানে অবস্থিত জেরাশ গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের নাম, লোগো ও সিলমোহর জাল করে প্রতিষ্ঠানটি চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি দুই লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আদায় করছিল। জর্ডানে অবস্থিত ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অভিযোগ দিলে বিষয়টি অনুসন্ধান শুরু করে সিআইডির মানব পাচার মনিটরিং সেল।
প্রাথমিক তদন্তে জানা যায়, সুরাহ ট্রাভেলস অ্যান্ড ট্রেডার্স একটি ট্রাভেল এজেন্সি হলেও তাদের কোনো বৈধ রিক্রুটিং লাইসেন্স নেই। এরপরও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জর্ডান, সৌদি আরব, সার্বিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর বিজ্ঞাপন প্রচার করছিল।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির অফিস থেকে ৫৫টি বাংলাদেশি পাসপোর্ট, বিদেশগমন-সংক্রান্ত ১৬টি চুক্তিনামা, দুটি সিপিইউ ও একটি ডিভিআর জব্দ করা হয়। জব্দ করা পাসপোর্টের মধ্যে ১৮টি জর্ডানগামী এবং বাকিগুলো সৌদি আরবগামী ব্যক্তিদের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিআইডির দাবি, বৈধ অনুমোদন ও রিক্রুটিং লাইসেন্স ছাড়াই বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করা হচ্ছিল, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে বাড্ডা থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। সিআইডি জানিয়েছে, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গাছ সরিয়ে দীপা রানীর মরদেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান চলছিল। পরে শিশুটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
২ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিনটি নৌকা ও দুই হাজার বর্গমিটার জাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে এক সহকারী শিক্ষককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামী ছাদরুল আলমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাদরুল আলম দাবি করেছেন, তাঁকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।
২২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক পোশাককর্মী। ভুক্তভোগীর দাবি, গত ২৯ আগস্ট তাঁকে ধর্ষণের পর হুমকি দেওয়া হয়। চলতি মাসের ৯ তারিখ থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো আপসের প্রস্তাব দেয়। তবে তদন্ত কর্মকর্তা বলছেন, ভুক্তভোগী নিজেই আপসের কথা বলেছেন।
২৫ মিনিট আগে