
তরুণদের তামাক ব্যবহার থেকে বিরত রাখতে এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের মূল্যবৃদ্ধি জরুরি বলে মত দিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কম দাম ও সহজলভ্যতার কারণে বিপুলসংখ্যক তরুণ ধূমপানে আসক্ত হচ্ছেন, যা ভবিষ্যতে হৃদ্রোগ, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগের বোঝা আরও বাড়াবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘তরুণদের তামাক ব্যবহার ও অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে আলোচকদের কথায় এসব তথ্য উঠে আসে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. ইরফানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান ডা. মুনতাহা ফারহান।
প্রবন্ধে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। একই সঙ্গে প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপ এবং উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম যথাক্রমে ১৫০ টাকা ও ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।
সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে সংগঠনটির পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান মুনতাহা ফারহান জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের অকালমৃত্যু হয়, যা দেশের মোট মৃত্যুর প্রায় ১৮ দশমিক ২৭ শতাংশ। ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে তামাক ব্যবহারের হার ১০ দশমিক ৩ শতাংশ।
মুনতাহা ফারহান বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগে ঘটে এবং তামাক ব্যবহার এসব রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। তাই তরুণদের ধূমপান শুরু নিরুৎসাহিত করতে তামাকপণ্যের মূল্যবৃদ্ধি প্রয়োজন।
মুনতাহা ফারহান আরও বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে (এনসিডি), যার অন্যতম প্রধান ঝুঁকির কারণ তামাক ব্যবহার। মূল প্রবন্ধ উপস্থাপনকালে কম দাম ও সহজলভ্যতার কারণে বিপুলসংখ্যক তরুণ ধূমপান শুরু করছেন বলে অভিযোগ করা হয়। এর কারণে ভবিষ্যতে হৃদ্রোগ, ক্যানসার ও অন্যান্য অসংক্রামক রোগের বোঝা আরও বাড়াবে। এই প্রেক্ষাপটে তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের মূল্যবৃদ্ধির দাবি জানিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সেমিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, অসংক্রামক রোগ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। হৃদ্রোগ, স্ট্রোক, ক্যানসার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ তামাক। তরুণ বয়সে তামাকের আসক্তি শুরু হলে পরবর্তী জীবনে অসংক্রামক রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই তরুণদের তামাক থেকে দূরে রাখতে আসন্ন বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানো জরুরি।
জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, তামাকপণ্যের মূল্যবৃদ্ধি জনস্বাস্থ্য ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই লাভজনক। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে, মূল্য বৃদ্ধি করলে তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে তামাক ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে। একই সঙ্গে রাজস্ব আয়ও বাড়ে। তিনি বলেন, বিদ্যমান জটিল বহুস্তরবিশিষ্ট কর কাঠামোর সংস্কার করা হলে সরকার ৮৫ হাজার কোটি টাকার বেশি তামাক কর রাজস্ব পেতে পারে, যা বর্তমানের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেশি।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. আখতারউজ-জামান বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ঘোষিত তামাক নিয়ন্ত্রণের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। ইতিমধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে এবং জনস্বাস্থ্য উন্নয়নে আসন্ন বাজেটে তামাকপণ্যের ওপর কার্যকর কর ও মূল্যবৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, তামাকজনিত রোগের বোঝা কমাতে কার্যকর তামাক কর ও মূল্যবৃদ্ধি জরুরি। নিম্ন ও মধ্যমস্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্যাকেটের মূল্য কমপক্ষে ১০০ টাকা নির্ধারণ করা উচিত। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে সিগারেটের সহজলভ্যতা কমবে, তরুণদের ধূমপান শুরু নিরুৎসাহিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, তরুণদের সুরক্ষায় কার্যকর তামাক করনীতি জাতীয় উন্নয়নের অপরিহার্য অংশ। তামাকপণ্যের ওপর কার্যকর কর বৃদ্ধি করলে একদিকে তামাক ব্যবহার কমবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে। তিনি বলেন, প্রস্তাবিত কর সংস্কার বাস্তবায়িত হলে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং ৩ লাখ ৭২ হাজারের বেশি তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। দীর্ঘ মেয়াদে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষের অকালমৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।
সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার।

নোয়াখালীর হাতিয়ায় বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হয়েছে তামিম নামে এক শিশু। তাৎক্ষণিক সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিস এবং পরে কোস্ট গার্ডের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলেও ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি।
১৯ মিনিট আগে
কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চল এখন একাধিক সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বালুঘাট দখল, চরাঞ্চলের ফসলি জমি নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব বাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটছে।
৩০ মিনিট আগে
ঢাকার সাভারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করার পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পৌর এলাকার বেদেপল্লির কাঞ্চনপুর মহল্লায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফয়সাল (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে