
ইশতেহার লঙ্ঘন করলে বা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করলে নাগরিকদের আদালতে যাওয়ার ব্যবস্থা থাকা দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, নির্বাচনী ইশতেহার হলো নাগরিকদের সঙ্গে রাজনৈতিক দলের একটি চুক্তি। এটা মেনে চলার ব্যাপারে বাধ্যবাধকতা, বিশেষ করে ইশতেহারের বর্ণিত অঙ্গীকারগুলো লঙ্ঘন করলে নাগরিকেরা যাতে আদালতে যেতে পারে সে ব্যবস্থা থাকা দরকার।
আজ সোমবার রাজধানীর প্রেসক্লাবে সুজন আয়োজিত ‘কোন দলের কেমন ইশতেহার?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সুজনের কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
ইশতেহারে ভালো ভালো কথা থাকলেও বাস্তবায়নের পরিকল্পনা অনুপস্থিত রয়েছে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও দলগুলো তাদের ইশতেহারে কিছু বিষয়ে ভিন্ন মত তুলে ধরেছে। জুলাই সনদ অনুযায়ী ৫ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও রাজনৈতিক দলগুলো সে অঙ্গীকার রক্ষা যথাযথভাবে রক্ষা করেনি।
জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তাদের ইশতেহারে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের অঙ্গীকার করেছে। আর তা হলে উচ্চকক্ষ গঠনের মূল উদ্দেশ্য হাসিল হবে না, উচ্চকক্ষ তখন হবে নিম্নকক্ষের রেপ্লিকা। উচ্চকক্ষ গঠনের অন্যতম উদ্দেশ্য হলো, উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিধান করা। আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন হলে ক্ষমতাসীন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে সংবিধান সংশোধন করতে পারবে। আর সংখ্যানুপাতিক হলে ক্ষমতাসীন দলকে অন্য দলের সঙ্গে আলাপ-আলোচনা করে সংবিধান করতে হবে। এর মাধ্যমে একটি গণতান্ত্রিক চর্চা গড়ে উঠবে।
পৃথকভাবে দলভিত্তিক ইশতেহার ঘোষণা না করে জোটগতভাবে ইশতেহার প্রকাশ করা দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি।
সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, আহার, স্বাস্থ্য ইত্যাদি বিষয় মানুষের প্রধান প্রত্যাশা। মানুষ চায় বৈষম্য যাতে কমে আসে।
নির্বাচিত সরকারের ১০০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করে সুজনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান তিনি।
একরাম হোসেন বলেন, প্রকৃতি না বাঁচলে প্রাণ বাঁচবে না। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে বাংলাদেশে প্রতিনিয়ত বন ও আবাদি জমির পরিমাণ কমছে। কিন্তু পরিবেশবান্ধব স্যাটেলাইট নগর তৈরি এবং গ্রামীণ জনপদে সুযোগ-সুবিধা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ইশতেহারে। প্রবাসীদের মাধ্যমে রেমিট্যান্স ও লাশ আসে। কিন্তু তাঁদের কল্যাণে বড় দলগুলোর কোনো সুস্পষ্ট অঙ্গীকার নেই। পোশাকশ্রমিকদের উন্নয়নেও কোনো অঙ্গীকার নেই দলগুলোর। শিল্প-সংস্কৃতির বিকাশে গ্রন্থাগার স্থাপন, পারফর্মিং আর্টের বিস্তার ইত্যাদি বিষয়ে বড় দলগুলোর ইশতেহারে কোনো অঙ্গীকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
মূল প্রবন্ধে দিলীপ কুমার সরকার বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়; এটি রাষ্ট্রের ভবিষ্যৎ শাসন কাঠামো ও নীতিগত দিকনির্দেশ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাজনৈতিক দলের ইশতেহার দেখায় যে দলগুলো ভোটারদের সামনে ভিন্ন ভিন্ন রাষ্ট্রদর্শন ও উন্নয়ন মডেল উপস্থাপন করেছে। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এই ইশতেহারগুলোর কোন দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ পায়, তার ওপর নির্ভর করবে।

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপে নির্বাচনী প্রচারণাকালে লিমা জাহান (২৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীকে পিটিয়ে ও লাথি মেরে আহত করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা।
২১ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই সাইবার বুলিং ও অনলাইন হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও দক্ষিণাঞ্চলের সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজকের পত্রিকাকে
৪০ মিনিট আগে
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর দুই আসামি হলেন পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।
১ ঘণ্টা আগে
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার বা নির্বাচন কমিশনের সমর্থন না পাওয়া সত্ত্বেও জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।
১ ঘণ্টা আগে