Ajker Patrika

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ জুন ২০২৬, ১২: ০৭
মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানে পদত্যাগ দাবিতে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি: ফেসবুক

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ সোমবার সকালে বিক্ষোভ চলাকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুরো ব্যাংকপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই কর্মসূচি ১০টার আগেই জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আয়োজকদের সরিয়ে দেয় পুলিশ। আয়োজকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে এলেও তা প্রদর্শনের সুযোগ পাননি। ব্যানারে ‘ফ্যাসিবাদের দোসরকে নতুন চেয়ারম্যান’ নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানানো হয়।

তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

গত ২৪ মে ঈদের আগের শেষ কর্মদিবস ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত নয়টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। এর প্রতিবাদে ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কিছু নাগরিক। এর ধারাবাহিকতায় আজ সকালে অফিস শুরুর আগেই কর্মসূচি শুরু করা হয়। অনুমতি না থাকায় পুলিশ কর্মসূচি পালন না করার আহ্বান জানায়। এরপরও ব্যানার প্রদর্শন শুরু হলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত