
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি (গেজেট) প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান এই নির্দেশ দেন। নির্দেশে বলা হয়েছে, তাঁদের হাজির হওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। উক্ত বিজ্ঞপ্তিসহ আগামী ৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আসামিরা আদালতে হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে।
এর আগে গত ৫ জানুয়ারি আদালত দুজনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। আজ সম্পত্তি ক্রোকসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার পর বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হলো।
এর আগে গত বছরের ১ নভেম্বর এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই দিন দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে পরোয়ানা জারি করা হয়।
২০০৮ সালে ডা. জোবাইদাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অন্য দুজন হলেন তারেক রহমান ও জোবাইদার মা ইকবাল মান্দ বানু। এর পরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবাইদা। ওই বছরই এই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।
এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এসংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবাইদার করা মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবাইদাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এই খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিভ-টু-আপিল করেন জোবাইদা। গত বছরের ১৩ এপ্রিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ-টু-আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। এর ফলে ডা. জোবাইদার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলতে আইনগত বাধা কেটে যায়। এই পরিস্থিতিতে নিম্ন আদালতে জোবাইদার মামলা আবার সচল হয়।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
উল্লেখ্য, তারেক রহমানের শাশুড়ি মারা যাওয়ায় এই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

নওগাঁর মান্দায় চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে জমি দখল ও ঘর নির্মাণের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান বলে জানিয়েছেন বক্তারা।
১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন আজ মঙ্গলবার যোগদান করেছেন। চমেবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১৯ মিনিট আগে
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাদার পীর বটতলা এলাকায় মাদক বিক্রির অভিযোগে ছানু চন্দ্র রায় (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ মিনিট আগে
নিজেদের তৈরি জোড়া নৌযান নিয়ে কক্সবাজারের বঙ্গোপসাগরে ঘুরতে গিয়ে তীব্র ঢেউয়ের তোড়ে নৌযান উল্টে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নিউজিল্যান্ডের চার নাগরিকের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোর।
৩২ মিনিট আগে