Ajker Patrika

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮: ৪৭
ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
সারা দেশে ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংঘর্ষের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা এবং ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। এতে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি কে এম আবদুল্লাহ আল নিশা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক আসিফ জামান এবং ছাত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকার আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি কে এম আবদুল্লাহ আল নিশা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক চর্চার জায়গা। সেখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে পারে না। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সংঘর্ষ ও হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক আসিফ জামান বলেন, বিভিন্ন ক্যাম্পাসে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। প্রশাসন চাইলে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে পারে। কিন্তু এ ক্ষেত্রে প্রশাসনের কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে।

তিনি আরও বলেন, শহীদ মঈন হোসেন রাজুর স্মৃতিবিজড়িত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজিদ হায়দার চঞ্চল বলেন, ১৯৯২ সালে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের সময় ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মঈন হোসেন রাজু। দীর্ঘ সময় পরও শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও সন্ত্রাসের ঘটনা অব্যাহত থাকাকে ‘ইতিহাসের নির্মম পরিহাস’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অতীতে বিভিন্ন সময় ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসে সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। অতীতের সেই সন্ত্রাসী রাজনীতি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তা প্রতিরোধ করবে।

তামজিদ হায়দার চঞ্চল আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার আলিয়া মাদ্রাসা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্টের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগেরও বিচার দাবি করেন তিনি।

তিনি বলেন, ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা না হলে শিক্ষার্থীরা কঠোর প্রতিক্রিয়া জানাবে। কোনো সংগঠন বা ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে ছাত্র ইউনিয়ন অন্যান্য ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশ থেকে ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস, দখলদারি ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সংঘর্ষ ও সহিংসতায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত