
‘আমার মেয়ের কী অপরাধ ছিল। আমার মেয়ে ভালো ছাত্রী ছিল, মেধাবী ছিল, আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ? গত বছর আমার স্বামীকে হারিয়েছি। আজ মেয়েকে হারালাম। আমি মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’ কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকার মাধ্যমে এসব প্রশ্ন রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মা তাহমিনা শবনম।
মায়ের দাবি—অবন্তিকার বাবার মৃত্যুর আগেও মেয়েকে হয়রানি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো প্রতিকার পাননি তাঁরা।
তাহমিনা শবনম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি। প্রক্টরকে জানিয়েছি কোনো প্রতিকার পাইনি। যে মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়, সে কীভাবে আত্মহত্যা করার চিন্তা করে। সে মেয়ে জিডি পাইলটে টিকেছে (বেসামরিক পাইলট)। যে অল রাউন্ডার ও অল স্কয়ার হিসেবে জিডি পাইলটে টিকেছে, সে কেন আত্মহত্যা করে?’
মানসিকভাবে হয়রানি করে অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। তাঁর মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন পরিবার, স্বজনেরাসহ এলাকাবাসী।
গতকাল শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তাঁর কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসা থেকে। কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়।
তাঁরই এক সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আনুমানিক এক ঘণ্টা পরই তাঁর মরদেহ উদ্ধার হয়। স্ট্যাটাসে তাঁর মৃত্যুর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকিকে দায়ী করা হয়।
অবন্তিকা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।
অবন্তিকার ভাই জারিফ জাওয়াদ অপূর্ব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকি আমার বোনকে বিভিন্ন সময় টিজ করে। বাজে আচরণ করে, মানসিক নির্যাতন করে। এ নিয়ে আমার বোন সব সময় বিষণ্নতায় থাকত।’
অপূর্ব আরও বলেন, ‘ঘটনার দিন আপুর রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাইনি। পরে পেছনের দেয়াল টপকে জানালা দিয়ে দেখি, আপু ফ্যানের সাথে ঝুলছিল। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করি।’
অবন্তিকার কুমিল্লার বন্ধু সাইফ বাবু, হাসান জানান, অবন্তিকার বাবা তাঁদের শিক্ষক ছিলেন। অবন্তিকার বাবার কাছে পড়তে গিয়ে বিষয়টি জেনেছিলেন তাঁরা। তিনি জীবিত থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো হয়রানির মাত্রা বেড়ে গিয়েছিল। মেধাবী অবন্তিকা মানসিকভাবে শক্ত ছিলেন। তাঁর এই আত্মহত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত। দোষীদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেছেন তাঁরাও।
এদিকে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে কুমিল্লায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এই সম্পর্কিত আরও পড়ুন:

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আগেই প্রিন্ট করে রাখা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ মিনিট আগে
দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে স্ত্রী ও বাবাসহ সিরাজগঞ্জের কামারখন্দ খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মনিরুল ইসলামকে পৃথক দুটি মামলায় পাঁচ বছর করে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ১ কোটি ২৪ লাখ টাকা অর্থদণ্ড ও স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের...
১৫ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালত একটি ফার্মেসিকে ওষুধের সঙ্গে ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা এবং একটি কনফেকশনারিকে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য ও আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
২২ মিনিট আগে
গলা ও বুকে ধারালো ছুরির একের পর এক আঘাতে লুটিয়ে পড়েন শান্তা বেগম। খাটের ওপর নিথর হয়ে পড়ে থাকেন তিনি। এরপর তাঁর মোবাইল ফোন ও পরিচয়পত্র নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান স্বামী সাইফুল ইসলাম। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার একটি আবাসিক হোটেলের ৩০৭ নম্বর কক্ষে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন....
২৪ মিনিট আগে