সেনাসদস্য তিতাস হত্যার ঘটনায় ৪ দিন পর মামলা, গ্রেপ্তার ৬

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনার চারদিন পর ২৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি মোহাম্মদসহ এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার ভোররাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে।
বিকেলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সেনাসদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় সোমবার ভোররাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এতে মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে।’
মামলায় রোহিঙ্গাদের পাশাপাশি কয়েকজন বাংলাদেশি নাগরিকও আসামি হয়েছেন। ঘটনার দিন অভিযানের সময় পালানোর চেষ্টা করলে প্রধান আসামি মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন, ‘হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি ধারায় অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
গত বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় সশস্ত্র মানবপাচারকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এ সময় সেনাসদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা।
অভিযানে মানবপাচারে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনী পাচারের জন্য জিম্মি করে রাখা ৫৬ জনকে উদ্ধার করে।
পরদিন শুক্রবার একই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।









