Ajker Patrika

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৭
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মোহাম্মদ ফয়সাল ওই ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে ওই যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাঁর পিঠে ইট দিয়ে আঘাত করছে একদল কিশোর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সালকে স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে আটক করা হয়। ওই বাড়িতে চুরি করতে গেছেন সন্দেহে তাঁকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল বলেন, গতকাল সোমবার রাতে তাঁকে চোর সন্দেহে আটকের পর খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়। আজ সকালেও পেটানো হয়েছে। এতে ওই যুবক মারা গেছেন।

ফয়সালের বাবা বাদশা মিয়া জানান, চুরির অপবাদে তাঁর ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ ছেলের কাছ থেকে কোনো চোরাইপণ্য উদ্ধার হয়নি। তাহলে কেন তাঁর ছেলেকে মেরে ফেলা হলো—প্রশ্ন তোলেন বাদশা মিয়া।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, বিষয়টি জানার পর হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত