Ajker Patrika

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
কক্সবাজারে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শিগগিরই চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে যখন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন কক্সবাজারের মানুষ ধানের শীষে রায় দিয়েছে। চারটি আসনেই ধানের শীষ জয়যুক্ত হয়েছে।’

শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে চকরিয়া পৌর বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘২৫ বছর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যে অবস্থায় দেখেছি, এখনো একই অবস্থায় আছে। এই সড়কে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। কিছুদিনের মধ্যে মাতারবাড়ি সমুদ্রবন্দর চালু হবে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সময়ে চার থেকে ছয় লেনে উন্নীত করতে কাজ শুরু করা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেনেছি, লবণচাষি তাঁর উৎপাদিত মূল্য সঠিকভাবে পান না। তখন আমি কর্মকর্তাদের নির্দেশ দিলাম, আপনারা বসে বের করেন, কীভাবে আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারি। ইনশা আল্লাহ, কিছুদিনের মধ্যে আমরা একটি মূল্য নির্ধারণ করব, যাতে লবণচাষিরা তাঁদের উৎপাদিত পণ্যের মূল্য পায়।’

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শামীম আরা স্বপ্না বক্তব্য দেন।

জনসভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দুই দিন আগে বাজেট উপস্থাপন করেছি। দুই দিন ধরে দেখলাম, কিছু মানুষ, যাঁরা দেশ সম্পর্কে ধারণা রাখেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন; তাঁরা এই বাজেট সম্পর্কে বলেছেন, এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু কিছু মানুষ সমালোচনা শুরু করল। মহান সংসদে বাজেট উপস্থাপনের আগেই রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানব না এই বাজেট।

প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করা হবে। যারা বাজেটের বিরোধিতা করছে, তারা বেকারদের কর্মসংস্থানের বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, যারা সিগারেট-মদের ওপর ট্যাক্স বাড়ানোর বিরোধিতা করছে, তারা জনগণের জন্য রাজনীতি করে না।

দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ বেডে উন্নীত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী বাজেটে ৪২ লাখ ফ্যামিলি কার্ড ও ৪০ লাখ কৃষক কার্ড দেওয়া হবে। আর সবকিছু হচ্ছে ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ বলে মন্তব্য করেন তিনি। জনসভা শেষে রাত ৯টায় কক্সবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত