Ajker Patrika

চুয়াডাঙ্গায় ১১ মাসের শিশুকে বিষ খাওয়ানোর অভিযোগ মায়ের বিরুদ্ধে

চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ১১ মাসের শিশুকে বিষ খাওয়ানোর অভিযোগ মায়ের বিরুদ্ধে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারি গ্রামে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী নিজের কন্যাশিশুকে ঘাসপোড়া বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটি মৃগমারি গ্রামের আলামিন ও কাশিপুর গ্রামের সোনিয়া দম্পতির একমাত্র সন্তান। প্রায় আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়।

পরিবার সূত্রে জানা যায়, আজ রোববার (২০ সেপ্টেম্বর) পারিবারিক বিষয় নিয়ে আলামিন ও সোনিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্বজনেরা বিষয়টি মীমাংসা করে চলে যান। এর কিছুক্ষণ পর সোনিয়া তাঁর ১১ মাস বয়সী মেয়েকে বিষ খাওয়ান বলে অভিযোগ ওঠে।

শিশুটির বাবা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির দাদি আলেয়া খাতুন বলেন, ‘আলামিন ও সোনিয়ার মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে আমরা সবাই মিলে বিষয়টি মিটমাট করে দিয়ে চলে আসি। এরপর শুনতে পাই, সোনিয়া তার মেয়েকে বিষ দিয়েছে। আমরা দ্রুত তাকে গ্রামের চিকিৎসকের কাছে নিয়ে যাই। সেখানে বমি করানোর পর চুয়াডাঙ্গায় নিয়ে আসি।’ তিনি আরও বলেন, ‘আমরা সোনিয়াকে মেয়েকে বিষ দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে, “আমিও মরব, মেয়েকেও মারব।” তবে সে নিজে বিষ পান করেনি, শুধু মেয়েকে খাওয়াইছে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকালে একটি শিশুকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিকভাবে বোঝা যায়, শিশুটিকে ঘাসপোড়া বিষ খাওয়ানো হয়েছে। স্বজনদের কাছ থেকে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শিশুটির মা তাকে বিষ খাইয়েছেন। তিনি বলেন, ‘শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী চিকিৎসার জন্য বিষয়টি শিশু কনসালটেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত