Ajker Patrika

এনসিটি ইজারার লাভ-ক্ষতি জনগণের কাছে স্পষ্ট করার দাবি বন্দর রক্ষা কমিটির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এনসিটি ইজারার লাভ-ক্ষতি জনগণের কাছে স্পষ্ট করার দাবি বন্দর রক্ষা কমিটির
চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বন্দর রক্ষা কমিটির মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দিলে দেশের কী লাভ হবে, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। ইজারার সম্ভাব্য ক্ষতি নিয়েও সরকারের সঙ্গে জাতীয় পর্যায়ে সংলাপের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় ফেডারেশন ও বেসিক ইউনিয়ন সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন।

আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচির প্রস্তুতি হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। বন্দরের সঙ্গে জাতীয় অর্থনীতি ও বিপুলসংখ্যক শ্রমিকের স্বার্থ জড়িত। বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে। এনসিটি ইজারার সিদ্ধান্তের আগে এর সম্ভাব্য লাভ-ক্ষতি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন।’

প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার আরও বলেন, সরকারকে বিষয়টি জনগণের কাছে স্পষ্ট করতে হবে। প্রয়োজনে জাতীয় সংলাপ আয়োজন করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে সরকার দুর্বলতা হিসেবে বিবেচনা করলে তা ভুল হবে।

বক্তারা জানান, দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথাও বলেন তাঁরা।

কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন এবং সহসম্পাদক ইব্রাহীম ফরাজি।

সভায় বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (বিএফটিইউসি) সভাপতি আনোয়ারুল হক হুনি ও বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়াও উপস্থিত ছিলেন।

সভা থেকে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে শ্রমিক, জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত