এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত চাঁদপুরের ‘রাজাবাবু’। ষাঁড়টির ওজন করা হয়েছে ১ হাজার ১০০ কেজি। বিক্রির জন্য খামারের মালিক দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা। তবে ক্রেতাদের দর-দাম করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন খামার মালিক।
গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের গ্রিন বাংলা ডেইরি ফার্মে গিয়ে দেখা যায় তিন বছর বয়সী ক্রস জাতের ষাঁড় রাজাবাবুকে। খামারে বেশ আয়েশি ভঙ্গিতে শুয়ে আছে ষাঁড়টি। খামারের মালিক পারভীন ইসলাম কাছে গিয়ে বললেন, ‘রাজাবাবু দাঁড়াও।’ কয়েক সেকেন্ডের মধ্যে রাজাবাবু দাঁড়িয়ে গেল। তিনি যাই বলছেন, বাধ্যগত প্রাণীদের মতোই ষাঁড়টি তাঁর কথা অনুসরণ করছে। বিশাল দেহের এই ষাঁড়ের সামনের অংশ বেশ চওড়া।
কথা বলে জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন ইসলাম। তিনি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে শখ করে নিজস্ব জায়গায় গড়ে তুলেছেন এই গ্রিন বাংলা ডেইরি ফার্ম নামের প্রতিষ্ঠান। প্রথমে লালন-পালন করেছেন ২০টি বিদেশি জাতের মুরগি। এরপর নিজেদের চাহিদা মেটানোর জন্য ২০০৭ সালে দুটি গাভি পালন শুরু করেন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে গবাদিপশুর সংখ্যা। এখন বড় ধরনের একটি খামারে পরিণত হয়েছে এটি। খামারে গাভি, ষাঁড়, ছাগল ও ভেড়া রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ষাঁড় ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি। তবে সেগুলো সাইজে একটু ছোট। ভেড়া বিক্রি শুরু হয়েছে ১০-১৫ হাজার টাকা দরে।
খামারি পারভীন ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত আমার খামারটি একটি আদর্শ খামার। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি। নিজস্ব জমিতে উৎপাদিত ঘাস, খড়, খইল ও ভুসি খাওয়ানো হয় রাজাবাবুসহ অন্যান্য গবাদিপশুকে। বর্তমানে গাভি, ষাঁড় ও বাছুরসহ ৬৬টি গরু আছে খামারে। এগুলো লালন-পালন করার জন্য সাতজন শ্রমিক কাজ করেন।’
তিনি আরও বলেন, ‘আমার খামারেই ক্রস জাতের ফ্রিজিয়ান গাভি রাজাবাবুকে জন্ম দেয়। এখানে এটি তিন বছরের কিছু অধিক সময়ে বড় হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের লোকজন এসে এটি মেপে আমাকে জানালেন, ওজন ১ হাজার ১০০ কেজি। আমি কোরবানি দেওয়ার জন্য যারা আগ্রহী, তাদের কাছে দাম চেয়েছি ১৫ লাখ টাকা। ক্রেতার পছন্দ হলে দাম কিছুটা কম-বেশি হতে পারে।’
ষাঁড়টির ওজন সম্পর্কে চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মুকবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কার্যালয়ের লোকজন কয়েক দিন আগে এটি মেপেছেন। এর ওজন হয়েছে ১ হাজার ১০০ কেজি।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পারভীন ইসলামের খামারটি একাধিকবার পরিদর্শন করেছি। খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন। জেলায় ব্যক্তি উদ্যোগে অনেক খামার গড়ে উঠেছে। এ বছর কোরবানির জন্য জেলায় চাহিদা ৭০ হাজার গবাদিপশু। প্রস্তুত রয়েছে প্রায় ৩৫ হাজার। বাকি চাহিদা অন্য জেলা থেকে আমদানি হলে মিটবে।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে