
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়ায় আজ মঙ্গলবার ভোর থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। নদী উত্তাল থাকায় অভ্যন্তরীণসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বন্ধ করা যাত্রী পারাপারের এই আদেশ আজও বলবৎ রয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।
জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ হাতিয়া-ঢাকা, হাতিয়া-চট্টগ্রাম, নলচিরা-চেয়ারম্যানঘাট, তমরদ্দি-চেয়ারম্যানঘাট, জাহাজমারা-চেয়ারম্যানঘাট ও চরচেঙ্গা-চেয়ারম্যানঘাটসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তমরদ্দি লঞ্চঘাটের ইজারাদার মিরাজ সর্দার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল বিকেলে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসেনি। ফলে আজ হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। অন্যদিকে আজ সকালে তমরদ্দি ঘাট ও নলচিরা ঘাটে অনেক যাত্রী নদী পারাপারের জন্য অপেক্ষা করছে।
হাতিয়ার ইলেকট্রিক মালের ব্যবসায়ী বাসু দেব নামের এক যাত্রী বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় এমভি ফারহান লঞ্চটি তজুমদ্দিন ঘাট থেকে গতকাল সকালে ঢাকায় ফিরে যায়। পরে এটি হাতিয়ায় আসার কথা ছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। মালিকপক্ষ জানিয়েছে, আবহাওয়া ভালো হলে হাতিয়ার উদ্দেশে লঞ্চটি ছেড়ে আসবে।
হাতিয়া উপজেলার দায়িত্বে থাকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের কারণে হাতিয়ায় বৃষ্টিপাত হচ্ছে। গত রোববার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দু-এক দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বাতাসের প্রভাবে হাতিয়ার সঙ্গে সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা সব ধরনের মাছ ধরার ট্রলারসহ সব নৌযানকে উপকূলে অবস্থান নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে