Ajker Patrika

চুয়াডাঙ্গায় ৪৫ পদের বিপরীতে ৬৪৩ আবেদন, সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গায় ৪৫ পদের বিপরীতে ৬৪৩ আবেদন, সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৪৩টি। আবেদন যাচাই-বাছাই শুরু করেছে নিয়োগ কমিটি। কিন্তু আবেদনের পরই ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের প্রশ্ন উঠেছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নে বিসিআইসি সার ডিলার হিসেবে আবেদন করা শামসুর রশিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তাঁরা।

অভিযোগকারীদের একজন মোহাম্মদ মিঠু বলেন, শামসুর রশিদ আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ার ঠিকানা ব্যবহার করে আবেদন করেছেন। কিন্তু তিনি ওই ইউনিয়নের প্রকৃত বাসিন্দা নন। তিনি সারের ডিলারশিপ বাগিয়ে নেওয়ার জন্য তড়িঘড়ি করে মাত্র কয়েক দিনের ব্যবধানে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করেছেন। এ ছাড়া শামসুর রশিদের পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হিসেবে নিয়োজিত রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শামসুর রশিদ বলেন, ‘সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী নিয়ম মেনেই আবেদন করেছি। ওই এলাকায় আমার বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।’

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম বলেন, ‘ডিলার নিয়োগের ক্ষেত্রে একাধিক ধাপে যাচাই-বাছাই করা হয়। আবেদনকারীদের যে কেউ অযোগ্য বিবেচিত হলে তাঁর আবেদন বাতিল হবে।’

এ ব্যাপারে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘ডিলার নিয়োগ প্রক্রিয়ার যাচাই-বাছাই শেষ পর্যায়ে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হচ্ছে। এখানে নিয়মের বাইরে কিছু হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত