
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২০ যাত্রী। আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫ জনের মধ্যে কামাল (৪০) ও শাহ আলম (৫০) নামে দুজনের পরিচয় পাওয়া গেলেও অন্য তিনজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি বটতল এলাকা অতিক্রমকালে উল্টো পথে আসা ডাম্প ট্রাককে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা ৫ যাত্রী নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়। পরে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত বাস যাত্রী আব্দুল মান্নান জানান, চট্টগ্রামমুখী বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। মহাসড়কের বটতল এলাকায় উল্টো পথে আসা ডাম্প ট্রাকটিকে সাইড দিয়ে দ্রুত গতিতে থাকা তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। আব্দুল মান্নানের ভাষ্যমতে, ৫ যাত্রী নিহতের পাশাপাশি বাসে থাকা সকল যাত্রীই কম বেশি আহত হয়েছে।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, দুর্ঘটনায় ২৫ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত অর্ণব দেব (২২), রনি (৩৫), নয়ন (২০), সাইফুল ইসলাম মারুফ (৩০) ও মাসুদ (৩০) সহ ২০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাকির রাব্বানী বলেন, দুর্ঘটনায় নিহত পাঁচ যাত্রীর মধ্যে দু’জনের নাম পাওয়া গেলেও বাকিদের নাম পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে