Ajker Patrika

মায়ের সঙ্গে নানাবাড়িতে এসেছিল মাহিয়া-মাহিন, নদীতে ডুবে প্রাণ গেল

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মায়ের সঙ্গে নানাবাড়িতে এসেছিল মাহিয়া-মাহিন, নদীতে ডুবে প্রাণ গেল
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো মাহিয়া আক্তার (৬) ও মোহাম্মদ মাহিন (৫)। তারা আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকার কৃষক মোহাম্মদ বেলালের সন্তান।

আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, দুই শিশুর নানার বাড়ি সাঙ্গু নদীর তীরঘেঁষা পশ্চিম আমিলাইষ ঘাটঘর এলাকায়। আজ সকালে মায়ের সঙ্গে তারা নানার বাড়িতে বেড়াতে আসে।

শিশুদের পরিবারের বরাতে ইউপি সদস্য মো. নেজাম উদ্দিন আরও জানান, নানার বাড়িতে আসার পর দুই ভাই-বোন নদীর তীরে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা নদীতে পড়ে ডুবে যায়। তাদের দেখতে না পেয়ে মা ও নানার বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয় বাসিন্দারা নানার বাড়ির কাছেই সাঙ্গু নদীতে দুই শিশুকে ভাসতে দেখেন। স্বজনেরা তাদের উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। তবে ক্লিনিকের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত