Ajker Patrika

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২১: ২৫
চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর নেতাদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। আজ মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি চট্টগ্রাম সফরে এসেছেন।

বিমান থেকে নামার পর তারেক রহমান সেখানে উপস্থিত বিএনপির সিনিয়র নেতা, সংসদ সদস্য, চসিক মেয়র, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর নগরের রহমতগঞ্জে যাত্রামোহন সেন হলের (জে এম সেন হল) দুর্গাপূজামণ্ডপের উদ্দেশে রওনা হয়।

বিকেলে প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পৌঁছানোর কথা থাকলেও তাঁকে বহনকারী বিমানটি বিলম্বে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর আগমনের কয়েক ঘণ্টা আগে থেকে রহমতগঞ্জে পূজামণ্ডপে প্রবেশের সড়কের দুই পাশে ডাইভারশন দিয়ে যানবাহন ও লোকজনের চলাচল বন্ধ রাখে পুলিশ। সড়কের মুখে পুলিশের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়।

জে এম সেন হল পূজামণ্ডপসহ রহমতগঞ্জের ভেতরে থাকা আরও কয়েকটি মণ্ডপে পুণ্যার্থী ও দর্শনার্থীদের পুলিশের নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে যেতে দেওয়া হয়।

জে এম সেন হলের প্রবেশমুখ ও সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীকে দেখতে বিকেল থেকেই বিএনপির নেতা-কর্মীসহ সহস্রাধিক উৎসুক জনতার ভিড় ছিল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর রাতে প্রধানমন্ত্রীর দেখা পান তাঁরা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ জে এম সেন হলের মুখে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ জে এম সেন হলের মুখে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

জে এম সেন হলের প্রবেশমুখসহ আশপাশের এক কিলোমিটার এলাকাজুড়ে সড়ক ও মোড়গুলোতে কয়েক গজ পরপর পুলিশ ও আর্মড ব্যাটালিয়নের সশস্ত্র সদস্য মোতায়েন করা হয়। রাতে প্রধানমন্ত্রী আসার খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়।

১৯৯৩ সালে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় তিন দশক পর মায়ের পদাঙ্ক অনুসরণ করে আজ চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপে এসেছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ জে এম সেন হলের মুখের সড়কে নিরাপত্তা বাহিনীর অবস্থান। ছবি: আজকের পত্রিকা
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ জে এম সেন হলের মুখের সড়কে নিরাপত্তা বাহিনীর অবস্থান। ছবি: আজকের পত্রিকা

পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নগরের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠেয় সাংগঠনিক সভায় যোগ দেবেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত