Ajker Patrika

চসিকের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের জাদুতে ২০ কোটির মূল্যায়ন কমে ৫ কোটি, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চসিকের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের জাদুতে ২০ কোটির মূল্যায়ন কমে ৫ কোটি, দুদকের মামলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেলের অভ্যন্তরীণ নথিপত্র ও বার্ষিক মূল্যায়নে হোয়াইট ফ্লুইড ব্যবহার এবং ঘষামাজা করে প্রায় ২০ কোটি টাকার মূল্যায়ন কমানোর মাধ্যমে চসিকের ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বড় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুকূলে এই জালিয়াতির আশ্রয় নেওয়ায় চসিকের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী প্রতিষ্ঠানের মালিকসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দুটি দায়ের করা হয়। কার্যালয়টির সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলায় অভিযুক্ত ৭ আসামির মধ্যে চসিকের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী প্রতিষ্ঠানের মালিকেরা রয়েছেন। তাঁরা হলেন—চসিকের রাজস্ব সার্কেল-০৮ এর কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, সাবেক উপ-কর কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-০৭ এর উপ-কর কর্মকর্তা জয় প্রকাশ সেন, সার্কেল-০৮ এর সহকারী (কর আদায়কারী) মো. মনজুর মোরশেদ, সার্কেল-০৭ এর হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং সার্কেল-০৮ এর হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ। এ ছাড়া দুই সুবিধাভোগী প্রতিষ্ঠানের মালিক বনানীর ইনকন ট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ্ হারুন এবং হালিশহরের মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো: আবুল কাশেমকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. আল আমিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, চসিকের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং কমিশন থেকে সুনির্দিষ্ট অনুমোদন পাওয়ার পরই এই দুটি মামলা রুজু করা হয়েছে।

রাজস্ব সার্কেল-০৮ এর আওতাধীন দক্ষিণ পতেঙ্গা মহল্লার ‘ইনকন ট্রেড লিমিটেড’-এর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা থেকে কমিয়ে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা করা হয়। এসেসর সমীর দত্তের প্রস্তুত করা মূল মূল্যায়ন প্রতিবেদন প্রধান কার্যালয় ও সার্কেল অফিসে আসার পর ফিল্ড বুক এবং আপিল ফরমের সংখ্যায় সাদা ফ্লুইড ব্যবহার ও ঘষামাজা করা হয়।

এর ফলে ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টার থেকে কার্যকর ১৪ শতাংশ হারে বার্ষিক ২ কোটি ৮০ লাখ টাকা হিসেবে তিন বছরে মোট ৮ কোটি ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করা হয়।

এই মামলায় কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, অবসরপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা মো. আবদুল কাদের, সহকারী কর আদায়কারী মো. মনজুর মোরশেদ, হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং ইনকন ট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ্ হারুনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, রাজস্ব সার্কেল-০৮ এর আওতাধীন দক্ষিণ মধ্যম হালিশহর মহল্লার ‘মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেড’-এর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা থেকে কমিয়ে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা করা হয়। এসেসর দবির আলম চৌধুরীর নিরূপিত এই মূল্যায়ন ফিল্ড বইয়ের ১০ পৃষ্ঠায় সাদা ফ্লুইড ব্যবহার ও ঘষামাজা করে পরিবর্তন করা হয়।

এখানেও প্রতি বছর ২ কোটি ৮০ লাখ টাকা হিসেবে তিন বছরে চসিকের মোট ৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব ক্ষতিসাধন করা হয়।

এই মামলায় কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপ-কর কর্মকর্তা জয় প্রকাশ সেন, হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ এবং মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কাশেমকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত