চট্টগ্রামে বাসে তল্লাশি, বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জোরারগঞ্জ থানার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় দুই যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)। তাঁদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়টিলা মাজার এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে ৭.৬২ মি.মি. বোরের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









