
চট্টগ্রামে পুরোনো ও থানাভিত্তিক তালিকা ধরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। আজ মঙ্গলবার পর্যন্ত জেলায় কিশোর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৭০ জনকে আটক করা হয়েছে। নগরীতে নিয়মিত বড় ধরনের অভিযান না দেখা গেলেও কোনো অপরাধ ঘটলে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গত সেপ্টেম্বরের শেষ দিকে কিশোর অপরাধ দমনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। ২০২৪ সালে অভ্যুত্থানের আগ পর্যন্ত কিশোর অপরাধ দমনে গ্যাংগুলোর বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ ও এসআরবি (তৎকালীন র্যাব)। সে সময় কিশোর অপরাধীদের নিয়ে আলোচনা হয়। দুই বছর পর চলতি বছর আবার কিশোর অপরাধ দমনে মাঠে নেমেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত আটক ১ হাজার ৭০ জনের মধ্যে ৯৭৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ বিচ্ছিন্নভাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করেছে। সম্প্রতি খুলশী ও বাকলিয়া থানা পুলিশ উল্লেখযোগ্যসংখ্যক কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে।
গত ২৯ সেপ্টেম্বর নগরের খুলশীতে দুটি কিশোর গ্যাংয়ের বিরোধে মো. হৃদয় (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর খুলশী এলাকায় অভিযান চালিয়ে সেভেন স্টার নামের একটি গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। হৃদয় হত্যায় তাঁদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি পুলিশের।
এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকায় ‘মাদক ব্যবসার আধিপত্য’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়।
বাকলিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে চাঁদগাঁও থানা যুবদলের সংগঠক হিসেবে পরিচয় দেওয়া মোহাম্মদ মুরাদসহ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়। মুরাদের বিরুদ্ধে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী মঙ্গলবার দামপাড়ায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন।
২০১৮ সালে জামালখানে দুই গ্রুপের বিরোধে ছুরিকাঘাতে কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসফার হত্যাকাণ্ডের পর পুলিশের তৎপরতা বাড়ে। পরের বছর প্রথমবারের মতো কিশোর গ্যাং ও তাদের গডফাদারদের তালিকা তৈরি করে চট্টগ্রাম মহানগর পুলিশ। ২০২৪ সালের মার্চে তালিকাটি হালনাগাদ করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকা অনুযায়ী, নগর পুলিশের ১৬টি থানায় অন্তত ২০০ কিশোর গ্যাং রয়েছে। উত্তর ও দক্ষিণ জোনের অধীনে ১১৯টি গ্যাং এবং পশ্চিম ও বন্দর জোনে বাকি ৮১টি গ্যাং রয়েছে।
উত্তর ও দক্ষিণ জোনের অধীনে আটটি থানার মধ্যে কোতোয়ালি, বাকলিয়া, খুলশী, বায়েজিদ, চান্দগাঁও, চকবাজার ও পাঁচলাইশ এলাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা বেশি বলে জানা গেছে।
পুলিশ বর্তমানে পুরোনো তালিকা ও থানাভিত্তিক পাওয়া তালিকা ধরে অভিযান চালাচ্ছে। নতুন করে কোনো তালিকা তৈরি করা হয়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের সঙ্গে থাকা অনেক পৃষ্ঠপোষক গা ঢাকা দেন। তাঁদের আশ্রয়ে থাকা কিশোর গ্যাংগুলোর নেতাদের অনেকেই এলাকায় থেকে গ্যাং নিয়ন্ত্রণ করছেন। গ্যাংগুলোর নেতাদের রাজনৈতিক পৃষ্ঠপোষক বদলেছে বলেও জানিয়েছে পুলিশ।
আধিপত্য বিস্তার, শোডাউন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, খুনোখুনি ও প্রতিপক্ষকে ঘায়েল করতে কথিত বড় ভাইয়েরা কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছেন বলে পুলিশের তথ্য।
চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিএমপির পুরোনো তালিকা হালনাগাদ করে এবং থানাভিত্তিক কিশোর গ্যাংয়ের তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে কিশোর গ্যাংয়ের অনেক প্রশ্রয়দাতাকে গ্রেপ্তার করা হয়েছে।’
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র মো. রাসেল আজকের পত্রিকাকে বলেন, জেলায় কিশোর গ্যাংয়ের নির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না। নতুন করে একটি তালিকা তৈরির কাজ করছে ডিএসবি (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ)। কিশোর অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
২ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
২৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৯ মিনিট আগে