Ajker Patrika

চট্টগ্রামে দলের সাংগঠনিক সভা শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দলের সাংগঠনিক সভা শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পাঁচতারকা হোটেলে আয়োজিত দলের সাংগঠনিক সভা শেষে আজ রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ৯টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাংগঠনিক সভা শেষে নেতৃবৃন্দ এবং হোটেলের বাইরে অপেক্ষমাণ নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি লালখান বাজার হয়ে উড়াল সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে রাত ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির বহর রেডিসন ব্লুর সামনে এসে পৌঁছে। এ সময় গেটের বাইরে থাকা হাজার হাজার নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি ঘিরে ধরে স্লোগান দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বাসের ভেতর থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় তাকে।

ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে তারেক রহমানকে বহনকারী বাসটি হোটেলে প্রবেশ করে। সেখানে আগে থেকে উপস্থিত চট্টগ্রামের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। আনুমানিক এক ঘণ্টা তিনি সভায় উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সভাকে কেন্দ্র করে রোববার বিকাল ৪টা থেকে প্রধানমন্ত্রীকে দেখতে রেডিসন ব্লুমুখী তিনটি সড়কে হাজার হাজার নেতা-কর্মী অবস্থান নিতে শুরু করেন। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে।

এ সময় নগরের লালখান বাজার, কাজীর দেউড়ি ও সিআরবি সড়ক থেকে রেডিসন ব্লুমুখী সড়কে সব ধরনের যানবাহন চলাচল রোড ডিভাইডার দিয়ে বন্ধ করে দেয় পুলিশ। চারপাশে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে হোটেলটি ঘিরে রাখা হয়।

রোববারের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তারেক রহমান ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে প্রথমে কক্সবাজারের মহেশখালীতে যান। সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে সেখান থেকে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী এলাকায় যান।

রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে আলেমদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও বক্তব্য রাখেন তিনি। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবিদাওয়া তুলে ধরা হয়।

পরে বিকেলে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত শেষে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। সবশেষে রাত ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লুতে চট্টগ্রামের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেন তিনি।

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রোববার সকাল থেকে নগরীতে সাজ সাজ রব ছিল। চট্টগ্রামের প্রধান সড়ক ও ফ্লাইওভারে নতুন রঙ করা হয়। বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুন শোভা পায়। সফর উপলক্ষে পুলিশ, র‌্যাব, বিজিবি ও বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত