Ajker Patrika

ডেঙ্গুতে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৫
ডেঙ্গুতে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতির মৃত্যু
আব্দুল মুত্তালিব। ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল মুত্তালিব মারা গেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।

নিহত আব্দুল মুত্তালিব চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মৃত জাফর আলীর ছেলে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রশিবিরের একজন সাথী হিসেবে সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন।

আব্দুর রহমান জানান, কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আব্দুল মুত্তালিবকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ীতে তাঁর মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, আব্দুল মুত্তালিব ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। তাঁকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ছুটির দিনেও চিকিৎসক রোগীদের রাউন্ড দেন। এ সময় মুত্তালিব জানান, তাঁর ভালো লাগছে না এবং তিনি রাজশাহীতে গিয়ে চিকিৎসা নিতে চান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত