Ajker Patrika

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগ, গণপিটুনির পর আটক চা-দোকানি

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৩
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগ, গণপিটুনির পর আটক চা-দোকানি
আটক মোবারক হোসেন সরদার। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা-দোকানির বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের গণপিটুনির পর অভিযুক্ত মোবারক হোসেন সরদারকে (৫২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে কিশোরীকে ডেকে তাঁর বসতঘরে নিয়ে যান। সে সময় ঘরে তাঁর পরিবারের কেউ ছিলেন না। সেখানে মোবারক কিশোরীকে ধর্ষণ করে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ঘটনা কাউকে না জানাতে কিশোরীকে হুমকিও দেন তিনি। কয়েক দিন আগে মোবারক ভিডিওটি ছড়িয়ে দেন। এরপর বিষয়টি জানাজানি হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে এ বিষয়ে সালিস বসে। মোবারক উপস্থিত না থাকলেও তাঁর পক্ষের কয়েকজন সেখানে ছিলেন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

আজ সকাল ১০টার দিকে মোবারক কিশোরী ও তাঁর পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলে শাসান। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে পিটিয়ে পুলিশে খবর দেন।

পুলিশ পরে মোবারককে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মোবারকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত