
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ক্যাম্পাসে নতুন ভর্তি হওয়া ছাত্রদের দলে ভেড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার রাত ১১টার পর থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় ছাত্রাবাসের নিচতলার পাঁচটি কক্ষ ভাঙচুর করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন শজিমেক শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আসিফের অনুসারী ধ্রুব, অনিক, শুভ ও হৃদয়। অন্যদিকে সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনির অনুসারী ইমতিয়াজ, রেজা, ফুয়াদ ও অমিয়। তাঁদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাধারণ শিক্ষার্থীরা জানান, ২০২৩ সালে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া (৩২ ব্যাচের) শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভর্তি হতে এসেছেন গত ২৮ মার্চ। এই শিক্ষার্থীদের ছাত্রলীগে ভেড়ানোর জন্য শজিমেক শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা গ্রুপে বিভক্ত হয়ে তৎপরতা শুরু করেন। নতুন শিক্ষার্থীদের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীরা যে যাঁর গ্রুপে ভেড়ানোর চেষ্টা করলে এক বছর সিনিয়র ৩১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বুধবার ইফতারের পর দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে রাত ১০টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে যে যাঁর মত ছাত্রাবাসে ফিরে যান। রাত ১১টার পর তাঁরা ছাত্রাবাস থেকে বের হয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছাত্রাবাসের নিচতলার পাঁচটি কক্ষ ভাঙচুর করা হয়।
বগুড়া শজিমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতি গ্রুপের নেতা-কর্মীরা প্রথমে আমার অনুসারী নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পরে শিক্ষকেরা এসে আমাদের উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করে দিয়েছেন। এ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই। জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এর সূত্রপাত হয়েছে। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমার চার কর্মী আহত অবস্থায় হাসপাতালে আছেন।’
শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘জুনিয়রেরা ক্যাম্পাসে আসার পর তাদের থাকা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তবে সাধারণ সম্পাদকের অনুসারীরা আমার কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সংঘর্ষের সময় আমি ক্যাম্পাসে ছিলাম না।’
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ছাত্রলীগের দুই পক্ষের নেতাদের নিয়ে বসে বিরোধ নিষ্পত্তি করবেন মর্মে পুলিশকে জানিয়েছেন।’

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৫ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৬ ঘণ্টা আগে