Ajker Patrika

সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্বাচনী মিছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বগুড়া প্রতিনিধি
সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্বাচনী মিছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ছবি: আজকের পত্রিকা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের আগে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি নির্বাচনী মিছিল ঘিরে সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত সোমবার বিকেলে বগুড়া শহরের ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি মোহাম্মাদ আলী হাসপাতাল চত্বর থেকে ‘জাতীয়তাবাদী ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শেরপুর রোড হয়ে শহরের সাতমাথা ঘুরে আবার হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে স্লোগান দেওয়া হয়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে হাসপাতাল ও মেডিকেল কলেজের কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মচারীর নাম প্রকাশ্যে আসে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা কীভাবে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

একজন নার্স বলেন, ‘কিছু অতিউৎসাহী ব্যক্তি বদলি বা চাকরিচ্যুতির ভয় দেখিয়ে আমাদের মিছিলে যেতে বাধ্য করেছেন।’ তাঁর এই অভিযোগ ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে।

এ ঘটনার পর গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) জারি করা এক চিঠিতে নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ২০১৮ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনের সময় কোনো প্রার্থী বা দলের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম স্বাক্ষর করে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে বগুড়ার সিভিল সার্জন খুরশীদ আলম বলেন, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। যদি এ রকম করে থাকেন, তদন্ত করে তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় মধ্যপ্রাচ্য, আলোচনায় নতুন নিরাপত্তা মডেল

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না—হাসনাতকে স্পিকার

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত