Ajker Patrika

মারধরে আহত নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
মারধরে আহত নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ায় পারিবারিক কলহের জেরে মারধরে আহত মোছা. বেগম (৫৬) নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বেগম বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপাল বাড়ি গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী।

ওসি জানান, বেগমের ছেলে সাহেদের সঙ্গে তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয়। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাহেদের মামাতো ভাই রাশেদুল ইসলাম মীমাংসার জন্য চেষ্টা করেন। এ সময় রাশেদুল ইসলামের সঙ্গে সাহেদের হাতাহাতি হয়। হাতাহাতির বিষয়টি মীমাংসার জন্য সাহেদের বাবা আব্দুল মান্নান মণ্ডল ও মা মোছা. বেগম রাশেদুলের বাবা জিল্লার রহমানের বাড়িতে যান। এ সময় জিল্লার রহমান (৫৫), তাঁর দুই ছেলে রাশেদুল (৩৫), আশিকুল (২৪) ও তাঁর স্ত্রী রাশেদা বেগম (৫০) মীমাংসা করতে আসা মোছা. বেগমকে লাঠি দিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে বেগমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত দেড়টার দিকে মোছা. বেগম মারা যান।

পুলিশ পরিদর্শক মাহফুজ আলম জানান, বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে জিল্লার রহমান (৫৫), জিল্লার রহমানের দুই ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও আশিকুল (২৪) এবং স্ত্রী রাশেদা বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত