Ajker Patrika

তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বগুড়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও দেশে মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিয়েছে।

আজ সোমবার বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশন ও গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, তেল নিয়ে আতঙ্কের কারণ নেই। সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুত ঠিক আছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার জ্বালানির দাম বাড়ায়নি; বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ করছে। এতে জুন পর্যন্ত ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।

আইন প্রণয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ৯১টি বিল পাস করেছে। ১/১১-এর সময় প্রায় ২৫০টি অধ্যাদেশ জারি করা হয়েছিল আর আওয়ামী লীগ সরকার ১২০টি আইন পাস করেছে। সব আইন বিল আকারে পাস করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই-বেল বন্ড উদ্বোধনসহ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু হতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মহাস্থান মোকামতলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এ ছাড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত