বগুড়ার শেরপুরে একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালের পাশ থেকে বিপ্লব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিপ্লব ছোনকা এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ছোনকা এলাকায় মজুমদার প্রোডাক্ট ইন্ডাস্ট্রিজ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মা বিউটি খাতুন জানান, গতকাল শনিবার রাতে খাবার খেয়ে বিপ্লব বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ রোববার সকালে এলাকাবাসীর মাধ্যমে ছেলের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়েছি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে বিদ্যুতায়িত হয়ে বিপ্লবের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।










